
হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দলের সদস্যরা। রোববার (২০ সেপ্টেম্বর) তাঁরা কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখে উৎপাদন কার্যক্রম ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকারী প্রতিনিধি দলে ছিলেন কটন ইউএসএর কনসালট্যান্ট মি. জর্জ (Mr. Goerge) এবং আতিয়া কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. আরসালান আলী (Mr. Arsalan Ali)। তাঁরা কারখানার উৎপাদন কার্যক্রম, পণ্যের গুণগত মান, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যবস্থাপনা ও সামগ্রিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে ধারণা নেন।
এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানান সায়হাম কটন মিলস ও সায়হাম ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএর পরিচালক শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ। পরে তিনি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কারখানার উৎপাদন ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টরা জানান, এ পরিদর্শন বাংলাদেশের বস্ত্র ও সুতা উৎপাদন খাতে সায়হাম গ্রুপের কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহের বিষয়টি তুলে ধরেছে।
সংশ্লিষ্টদের তথ্যমতে, বিশ্বের ২৬টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কাঁচা তুলার একটি বিশেষ তালিকায় স্থান পেয়েছে। ওই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সায়হাম গ্রুপের অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।
তাঁরা জানান, দুই দশকেরও বেশি সময় ধরে গুণগত মান, দক্ষতা, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সায়হাম গ্রুপ দেশের বস্ত্র ও সুতা উৎপাদন খাতে কার্যক্রম পরিচালনা করছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের কারণে প্রতিষ্ঠানটি বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে।
বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান বিশ্বের নির্বাচিত ২৬টি প্রতিষ্ঠানের তালিকায় স্থান পাওয়াকে সায়হাম গ্রুপের পাশাপাশি দেশের বস্ত্র ও সুতা উৎপাদন শিল্পের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দ.ক.২৬