
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গঙ্গানগর দিঘীরপাড় জামে মসজিদে মুসল্লিদের ওযু ও পবিত্রতা অর্জনের সুবিধার্থে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আব্দুল আওয়াল সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই গভীর নলকূপটি স্থাপন করে দেন।
আজ শুক্রবার (৬ নভেম্বর) গঙ্গানগর দিঘীরপাড় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসেন আলহাজ আব্দুল আওয়াল। নামাজ শেষে তিনি মুসল্লিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই দানকৃত গভীর নলকূপটির শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন গঙ্গানগর দিঘীরপাড় জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুর রউফ মিয়া ও সেক্রেটারি নূরুল হক মিয়া সহ স্থানীয় মুরব্বিয়ান।
মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে ওযুর পানির জন্য এখানে মুসল্লিদের বেশ ভোগান্তি পোহাতে হতো। চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আব্দুল আওয়াল সাহেবের এই মহতী উদ্যোগে মুসল্লিদের দীর্ঘদিনের পানির সমস্যা দূর হলো।
উল্লেখ্য, ইতিপূর্বেও তিনি এই মসজিদের সার্বিক উন্নয়ন কাজের জন্য ২০,০০০ (বিশ হাজার) টাকা অনুদান প্রদান করেছিলেন।
উদ্বোধনকালে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন। নলকূপ উদ্বোধনের পর উপস্থিত সকলে মিলে আলহাজ আব্দুল আওয়াল সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর সামাজিক ও রাজনৈতিক কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা জানান, আলহাজ আব্দুল আওয়াল দীর্ঘদিন ধরে আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। সংকটে ও প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতিমধ্যে এলাকায় একজন দানশীল ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এলাকাবাসী তাঁর এই জনকল্যাণমুখী ভাবমূর্তির প্রতিফলন দেখতে চান।
কালনেত্র