
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ এবং গ্রাম্য বিরোধ নিরসনে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মো. শহীদ।
সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পারিবারিক ও গ্রাম্য বিরোধ শান্তিপূর্ণভাবে নিরসন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে সাটিয়াজুরী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গর্ভকালীন সময়ে মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাফেরা এবং নিরাপদ মাতৃত্বের বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দ.ক.সিআর