
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে মহাসড়কের উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)। তাঁরা সবাই ঘটনাস্থলেই মারা যান। নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জে। নিহত মজনু মিয়া ডাক বিভাগের মেইল ক্যারিয়ার হিসেবে কর্মরত ছিলেন; তাঁর বিস্তারিত ঠিকানা এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালনেত্র