
হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার মিরপুর বাজারে পশ্চিম জয়পুর ও বানিয়াগাঁও গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ চলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পশ্চিম জয়পুর ও বানিয়াগাঁও গ্রামের যুবকদের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শেষ দিকে দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এর জেরে সন্ধ্যার পর দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে মিরপুর বাজারে জড়ো হন। একপর্যায়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ না থাকায় রাতের অন্ধকারে সংঘর্ষে অংশ নেওয়া লোকজন টর্চলাইট ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে একে অপরকে ধাওয়া করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।
সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাহুবল থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
দ.ক.২৬