
চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ইকরতলী গ্রামের মো. বাতেন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫), মৃত আব্দুল লতিফের ছেলে মো. রনি মিয়া (২৪) এবং মহরম আলীর ছেলে মো. ইকবাল হোসেন (২১)।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল চুনারুঘাটের সাদ্দাম বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইকরতলী গ্রামের একটি বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের ভেতরে থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ২৮কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, পলাতক সহযোগীর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন তারা।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দ করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
কালনেত্র