
২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের লক্ষ্যে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা গ্রহণের বিষয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার সময়সূচি ঘোষণা করলেও গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে এ সুযোগ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন এক প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধি।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন জমা দেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধি ফজলুর রহমান রিয়াদ। আবেদনে তিনি উল্লেখ করেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক দশম শ্রেণির বেশ কিছু শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তাদের ফরম পূরণের সুযোগ না দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের সার্বিক ফলাফল বিপর্যয়ের আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
আবেদনকারী ফজলুর রহমান রিয়াদ জানান, বিষয়টি নিয়ে তিনি প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আবু নাসেরের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তবে অধ্যক্ষ জানিয়েছেন, এটি একক সিদ্ধান্তের বিষয় নয়; গভর্নিং বডি এবং নির্বাচনী পরীক্ষা-সংক্রান্ত আহ্বায়ক কমিটির সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করছে।
আবেদনে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় নিয়ে পুনঃপরীক্ষার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অভিভাবকরাও সন্তানদের পড়াশোনায় বাড়তি তদারকির আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করা হয়। আবেদনপত্রের অনুলিপি প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এবং নির্বাচনী পরীক্ষা কমিটির আহ্বায়ককেও দেওয়া হয়েছে।
অন্যদিকে, একই উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনী পরীক্ষায় ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার সুযোগ দিয়ে নোটিশ জারি করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অকৃতকার্য শিক্ষার্থীদের ২৩ ও ২৪ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত বিষয়গুলোতে পুনঃপরীক্ষা গ্রহণ করা হবে। তবে এই পরীক্ষায় অনুপস্থিত থাকলে বা পুনরায় অকৃতকার্য হলে তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
একই উপজেলায় একটি সরকারি বিদ্যালয় শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ায় গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও একই দাবিতে প্রত্যাশা তৈরি হয়েছে। এখন প্রতিষ্ঠানটির গভর্নিং বডি ও পরীক্ষা কমিটি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।
কালনেত্র