
মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। এ জন্য শিক্ষার মান উন্নয়নে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য সামনে রেখে শিক্ষার মানোন্নয়নে সরকার সম্ভাব্য সব উদ্যোগ নিচ্ছে। শিক্ষা খাতকে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষার প্রসারে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে বলে জানান তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ।’ তাই নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
কালনেত্র