
“মাদকমুক্ত তারুণ্যে রুখে দাও ইভটিজিং”—এই স্লোগানকে সামনে রেখে লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাদক ও ইভটিজিং বিষয়ে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হোসেনের সভাপতিত্বে এবং ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক গোলাপ মিয়ার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম। বক্তব্যে তিনি ২০১১ সালে তার লিখিত ‘ইভটিজিং যারা করে তারা কী বোঝে?’ শীর্ষক প্রবন্ধের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। তিনি মাদকের করালগ্রাস থেকে রক্ষা পেতে পরিবারের সদস্যদের সাথে আরও ঘনিষ্ঠ হওয়ার এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “ইভটিজিং ও মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এগুলো নির্মূলে সামাজিক সচেতনতা গড়ে তোলার শপথ নিতে হবে। একজন সন্তান শুধু একটি পরিবারের নয়, বরং সে সমাজেরই একজন অংশ। তাই সামাজিকভাবেই এ সমস্যাগুলো নিরসনের উদ্যোগ নিতে হবে।” পাশাপাশি তিনি পিতা-মাতা ও বড়দের শ্রদ্ধা করার পাশাপাশি ছোটদের স্নেহ করা এবং তাদের মতামতের মূল্যায়ন করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আরও বক্তব্য রাখেন গভর্নিং বডির (জিবি) সদস্য আরিফুল ইসলাম বেলাল, সাবেক জিবি সদস্য মোঃ লিয়াকত আলী, সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ, শিক্ষক পরিষদ সম্পাদক হেলাল খান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালিক এবং অভিভাবক ডা. আহমেদ ফারুকী ও সালেহ আহমদ সাবুল। শিক্ষার্থীদের মধ্য থেকে নিজেদের মতামত ব্যক্ত করেন দূর্বা চৌধুরী, ঋতু দেব, রহিম খান ও সৈয়দা জাকিয়া ফাতেমা।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হোসেন বলেন, “আমাদের কলেজ ইতোমধ্যে ধূমপানমুক্ত, মোবাইলমুক্ত ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে পরিচিত। মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমরা আরও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করব এবং এ বিষয়ে কলেজ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে।” এ সময় তিনি অচিরেই সরকারি নির্দেশনা অনুযায়ী কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও জিবি সদস্য নাজমা বানু, গায়ত্রী চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আতিকুজ্জামান, প্রভাষক আক্তার হোসেন, মাহবুবুর রহমান, সাফায়েত উল্লাহ, মিঠুন চক্রবর্তী, জিবি সদস্য সুরজিত দেব, সমরেশ দাস রায়, খায়রুল আনাম এবং অফিস স্টাফ সাদেক আহমেদ চৌধুরী ও তোফায়েল আহমেদ।
কালনেত্র