
সামসুন্নাহার স্মৃতি পরীমনিকে নিয়ে আমার বিশেষ কোনো ভাবনা নেই, তাঁকে নিয়ে লেখারও কোনো ইচ্ছা ছিল না। কিন্তু তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নানা মন্তব্য, কটূক্তি, বিচার-বিশ্লেষণ ও সমালোচনা দেখে কিছু কথা বলা প্রয়োজন মনে হয়েছে তাই এ লেখা।
পরীমনি সম্পর্কে আমার জানাশোনা দূর থেকে পাওয়া কোনো তথ্যের ওপর নির্ভরশীল নয়। তাঁর জন্ম, বেড়ে ওঠা, শৈশব, পারিবারিক বাস্তবতা এবং নানা বাড়ির অনেক কিছুই আমার জানা। কারণ, তিনি আমার ইউনিয়নের প্রতিবেশী গ্রামের মেয়ে। তাঁর নানা শামসুল হক গাজী ছিলেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই সঙ্গে তিনি ছিলেন এলাকার একজন সুপরিচিত ও নামকরা ইংরেজি শিক্ষক। তাঁর সঙ্গে আমার অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। সেই সুবাদে তাঁর পরিবারের অনেক অজানা কথা, সুখ-দুঃখ ও বেদনাদায়ক অভিজ্ঞতা তিনি আমার সঙ্গে ভাগ করে নিতেন। অনেক সময় পরিবারের কথা বলতে গিয়ে তাঁকে আবেগাপ্লুত হতে দেখেছি। তাঁর সেই কথাগুলো শুনে আমারও মন ভারী হয়ে আসত। কিছু কিছু কষ্ট থাকে, যার সামনে দাঁড়িয়ে মানুষের শুধু নীরবে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার থাকে না।
নানা শামসুল হক গাজী যতদিন সুস্থ ছিলেন, ততদিন আমার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁর জীবনের শেষ সময় পর্যন্ত সেই সম্পর্কের আন্তরিকতা অটুট ছিল। হয়তো পরীমনি জানেন না, তাঁর নানা ও আমার মধ্যে এমন একটি সুসম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কের সুবাদে তাঁর পারিবারিক জীবনের কিছু বাস্তবতা আমি কাছ থেকে জানার সুযোগ পেয়েছি।
পরীমনির মা-বাবা দুজনেই বহু আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ফলে মা-বাবার স্নেহ, ভালোবাসা, মমতা ও নিরাপদ আশ্রয় পাওয়ার যে স্বাভাবিক অধিকার একটি শিশুর থাকে, পরীমনির জীবনে সেই প্রাপ্তি ছিল না বললেই চলে। বলতে গেলে, জীবনের শুরু থেকেই তাঁকে একাকিত্বের বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। নানার সান্নিধ্যে যতটুকু সম্ভব, সেভাবেই তাঁর বেড়ে ওঠা। জীবনের শুরুর দিনগুলোতে একজন শিশুর যে নির্ভরতা, ভালোবাসা ও মানসিক আশ্রয় প্রয়োজন, তার সবটুকু তিনি পেয়েছিলেন কি না, সে প্রশ্ন থেকেই যায়।
আজ তাঁর জীবনের নানা ঘটনা নিয়ে মানুষ আলোচনা করছেন। কিন্তু তাঁর শৈশবের না-পাওয়া, পারিবারিক শূন্যতা কিংবা একাকিত্বের গল্প কেউ কি জানতে চেয়েছেন?
পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অনেক কথা বলছেন। কেউ মনগড়া গল্প তৈরি করছেন, কেউ অনুমাননির্ভর মন্তব্য করছেন, আবার কেউ কেউ ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেও কথা বলছেন।
আমি জানি, আমার এই লেখার কারণেও কেউ কেউ আমাকে নিয়ে অশালীন মন্তব্য করতে দ্বিধা করবেন না। তবু একটি অনুরোধ থাকবে—লেখাটি পড়ার পর দয়া করে হৃদয়ের আদালতে নিজের বিবেককে বিচারক করে একবার বিচার করবেন।
আমি কাউকে ছোট করতে, কারও পক্ষ নিতে কিংবা কারও ব্যক্তিগত জীবনকে বৈধতা দিতে লিখছি না। লিখছি একজন মানুষের জীবনকে একটু মানবিক দৃষ্টিতে দেখার আহ্বান জানাতে।
পরীমনির জীবনকে আমার কাছে একটি জীবন্ত বাস্তব উপন্যাসের মতো মনে হয়। তাঁর জীবনের উপন্যাস লিখতে বসলে হয়তো একাধিক ফর্মার উপন্যাস তৈরী হবে। সেখানে থাকবে শৈশবের বঞ্চনা, পারিবারিক শূন্যতা, সংগ্রাম, অভিজ্ঞতা, বেদনা, প্রতিবাদ, প্রাপ্তি, অপ্রাপ্তি এবং টিকে থাকার কঠিন লড়াই। এত বিশাল জীবনের গল্প কয়েকটি বাক্যে তুলে ধরা সম্ভব নয়। আজ শুধু সংক্ষেপে দু-চারটি কথা বলার চেষ্টা করলাম।
এই জীবনের অনেক অধ্যায়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অংশীজন হয়তো অনেকেই হয়েছেন, কিন্তু তাঁর নানা শামসুল হক গাজী ছিলেন এমন একজন মানুষ, যিনি তাঁর জীবনের অনেক বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন, বুঝেছেন এবং অনুভব করেছেন।
আজ সেই মানুষটিও পৃথিবীতে নেই।
পরীমনির জীবনে আত্মীয়স্বজনের উপস্থিতি থাকলেও তাঁর জীবনের কঠিনতম সময়ে আপনজনের অভাব কতটা গভীর ছিল, তা নিয়ে ভাবার অবকাশ রয়েছে। তাঁর নানা ছিলেন তাঁর পরামর্শের আশ্রয়, ভরসার জায়গা এবং পথচলার দিশারী। সেই মানুষটিও চলে যাওয়ার পর জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি তাঁকে অনেকটাই একা চলতে হয়েছে।
জীবন তাঁকে কোমল শৈশবের নিশ্চিন্ত আশ্রয় দেয়নি; বরং প্রতিনিয়ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে শিখিয়েছে। হয়তো সেই অভিজ্ঞতাই তাঁকে আজকের পরীমনি করে তুলেছে।
>> রাষ্ট্র কি তাঁর জীবনের প্রতিটি সংকটে পাশে দাঁড়িয়েছে?
>> সমাজ কি তাঁর দুর্দিনে নির্ভরতার হাত বাড়িয়েছে?
>> যাঁরা আজ তাঁর জীবন নিয়ে এত কথা বলছেন, তাঁদের মধ্যে কতজন তাঁর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন?
>> কতজন তাঁকে সঠিক পরামর্শ দিয়েছিলেন?
>> কতজন তাঁর বিপদের দিনে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন?
যখন একজন মানুষ প্রতিকূলতার মধ্যে পড়ে একা লড়াই করেন, তখন সমাজের অধিকাংশ মানুষ নীরব দর্শক হয়ে থাকেন। অথচ সেই মানুষটি যখন নিজের মতো করে বাঁচতে শেখেন, নিজের সিদ্ধান্তে চলেন কিংবা আলোচনার কেন্দ্রে চলে আসেন, তখন তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
প্রশ্ন হচ্ছে, এই দ্বিমুখী আচরণ কেন?
পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চবিলাসী, উচ্ছৃঙ্খল কিংবা নানা নেতিবাচক বিশেষণে আখ্যায়িত করার প্রবণতা লক্ষ করা যায়। কারও ব্যক্তিগত জীবন নিয়ে মতামত প্রকাশের অধিকার অবশ্যই রয়েছে। কিন্তু সেই অধিকার কি কাউকে অপমান, চরিত্রহনন কিংবা অমানবিক আক্রমণের স্বাধীনতা দেয়?
আরেকটি প্রশ্নও থেকে যায়—যাঁরা কোনো ঘটনার অংশীজন, যাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাঁদের কথা আলোচনায় আসে না কেন?
কেন সব দায় একতরফাভাবে একজন নারীর কাঁধে চাপিয়ে দেওয়া হয়?
কোনো সম্পর্ক, ঘটনা কিংবা বিতর্ক কি কখনো একজন মানুষকে দিয়েই সম্পূর্ণ হয়?
এক হাতে কি তালি বাজে?
সম্প্রতি পরীমনির সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক কিংবা কথাবার্তা নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হোক, তা আমি মোটেও প্রত্যাশা করি না। সাংবাদিকদের সঙ্গে মতবিরোধ, ভুল বোঝাবুঝি কিংবা সাময়িক বাকবিতণ্ডা হতেই পারে। কিন্তু তাই বলে সেই পরিস্থিতিকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। সাংবাদিক ও পরীমনি—উভয় পক্ষেরই পারস্পরিক সম্মান ও সংযম বজায় রাখা উচিত। অনেক সময় বড় কোনো ভুল বোঝাবুঝির সমাধানও এক কাপ চায়ের টেবিলে আন্তরিক আলোচনার মধ্য দিয়ে হয়ে যেতে পারে। সম্পর্কের অবনতি নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যই হোক সমাধানের পথ।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও প্রশ্ন করার অধিকার যেমন সম্মানযোগ্য, তেমনি একজন ব্যক্তিরও নিজের অবস্থান ব্যাখ্যা করার এবং সম্মানজনক আচরণ পাওয়ার অধিকার রয়েছে। প্রশ্ন থাকবে, উত্তরও থাকবে; মতবিরোধ থাকবে, কিন্তু অসম্মান যেন না থাকে।
পরীমনির আত্মপক্ষ সমর্থনের আওয়াজ অনেক সময় খুব উচ্চ বলে মনে হয়। প্রতিবারই যেন তাঁকে একাই নিজের পক্ষে কথা বলতে হচ্ছে, নিজের অবস্থান ব্যাখ্যা করতে হচ্ছে, নিজের অস্তিত্বের পক্ষে লড়াই করতে হচ্ছে। হতে পারে এটি তাঁর মানসিক দৃঢ়তা, হতে পারে দীর্ঘদিনের প্রতিকূলতার বিরুদ্ধে গড়ে ওঠা আত্মরক্ষার প্রবণতা, কিংবা এর পেছনে অন্য কোনো বাস্তবতা রয়েছে। আমি কোনো সিদ্ধান্ত দিতে চাই না।
তবে একটি বিষয় ভাবার মতো—একজন মানুষকে কেন বারবার নিজের অস্তিত্বের পক্ষে যুদ্ধ করতে হবে?
আমরা কি কখনো তাঁর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখেছি? তাঁর জীবনের অভিজ্ঞতা, বঞ্চনা, একাকিত্ব কিংবা মানসিক ক্ষতগুলো অনুভব করার চেষ্টা করেছি?
আমাদের সমাজে পুরুষের ভুল অনেক সময় পরিস্থিতির অজুহাতে আড়াল করা হয়, অথচ নারীর সামান্য বিচ্যুতিও সামাজিক বিচারের কাঠগড়ায় বড় অপরাধ হয়ে দাঁড়ায়। পুরুষের ব্যক্তিগত জীবন নিয়ে সমাজ যতটা উদার, নারীর ক্ষেত্রে ততটাই কঠোর। নারীর স্বাধীনতা, পছন্দ, সিদ্ধান্ত ও জীবনযাপনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার এক অদৃশ্য প্রবণতা আমাদের সমাজে এখনো বিদ্যমান।
তাহলে প্রশ্ন জাগে, আমরা কি পরীমনির সমালোচনা করছি তাঁর কোনো নির্দিষ্ট কাজের জন্য, নাকি একজন নারী নিজের মতো করে বাঁচতে চাইছেন বলেই তাঁকে এত বেশি বিচার করছি?
কোনো মানুষের সব কাজ সমর্থন করতে হবে, এমন কথা আমি বলছি না। তাঁর ভুল থাকলে তার সমালোচনা হোক, অন্যায় থাকলে আইন অনুযায়ী বিচার হোক। কিন্তু সমালোচনার নামে অপমান, ব্যক্তিগত আক্রমণ, কুৎসা কিংবা চরিত্রহনন কখনোই সভ্য সমাজের পরিচয় হতে পারে না।
মানুষের ভুলের বিচার হতে পারে, কিন্তু মানুষের মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।
পরীমনি কোনো বিতর্কের ঊর্ধ্বে নন, আমিও তাঁকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে বলছি না। শুধু বলতে চাই, তাঁকে নিয়ে কথা বলার আগে তাঁর জীবনটাকেও একটু বুঝতে চেষ্টা করুন। একজন মানুষের বর্তমান অবস্থান দেখেই তাঁর অতীতের সব অধ্যায় বিচার করা যায় না। একটি জীবনের কয়েকটি বিতর্কিত ঘটনা দিয়ে পুরো জীবনকে সংজ্ঞায়িত করাও সুবিচার নয়।
আমরা কি কখনো ভেবেছি, যে মানুষটি আজ আলোচনার কেন্দ্রে, তাঁর জীবনের কোনো এক সময় হয়তো প্রয়োজন ছিল একটু ভালোবাসার, একটু আশ্রয়ের, একটু নির্ভরতার এবং একজন মানুষের আন্তরিক পরামর্শের?
সেই সময় আমরা কোথায় ছিলাম?
আজ তাঁকে নিয়ে আমাদের এত মাথাব্যথা কেন?
আমি পরীমনির পক্ষে অন্ধ সমর্থন চাই না, বিপক্ষেও অন্ধ বিদ্বেষ চাই না। চাই নিরপেক্ষতা, ন্যায়বোধ এবং মানবিকতা।
কারণ, মানুষকে বিচার করার আগে মানুষকে বোঝা জরুরি। আর কাউকে নিয়ে মন্তব্য করার আগে নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করা আরও জরুরি।
পরীমনিকে নিয়ে আপনাদের মতামত থাকতেই পারে। কিন্তু সেই মতামত যেন মানবিকতার সীমা অতিক্রম না করে।
আসুন, পরীমনিকে নিয়ে আলোচনা করার আগে নিজেদের দিকে একবার তাকাই। আমরা কতটা মানবিক, কতটা ন্যায়পরায়ণ, কতটা সহনশীল?
মনে রাখবেন, একজন মানুষের জীবনের সব গল্প আমরা জানি না। তাঁর হাসির আড়ালে কতটা কান্না, আত্মবিশ্বাসের আড়ালে কতটা ক্ষত কিংবা প্রতিবাদের আড়ালে কতটা অসহায়ত্ব লুকিয়ে আছে, তা বাইরে থেকে বোঝা যায় না।
বিচার করার আগে মানুষ হই। সমালোচনার আগে সত্য জানি। আর মতামত প্রকাশের আগে বিবেককে জাগ্রত করি।
পরীমনিকে নিয়ে নয়, আজ প্রশ্নটা আমাদের নিজেদের নিয়েই।
আমরা কি সত্যিই একটি মানবিক সমাজে বসবাস করছি, নাকি একজন নারীর জীবনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজেদের সামাজিক ও নৈতিক শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করছি?
প্রশ্নটি রেখে গেলাম পাঠকের বিবেকের আদালতে।
সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ ফ্যাশন শোকে কেন্দ্র করে পরীমনিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অসৎ উদ্দেশ্যে বৈধ ব্যবসা পরিচালনা যেমন অনৈতিক, তেমনি অশালীন আয়োজন ও তা উপভোগ করাও নিন্দনীয়। তবে কোনো নারীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা, ছবি বিকৃত কিংবা মিথ্যা অপপ্রচার করাও অপরাধ। একজনের অন্যায়ের দায় অন্যের ওপর চাপানো নয়; প্রকৃত অপরাধীকে শনাক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করাই হোক আমাদের প্রত্যাশা। পারস্পরিক দোষারোপ নয়, দায়িত্বশীল আচরণ ও সৌহার্দ্যপূর্ণ সমাধানই কাম্য।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট