
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল। এলাকায় ফিরেই সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে অবস্থান নিয়েছেন তিনি। পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৩২ জন রোগীর মধ্যে সরকারি চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মো. আরজু মিয়া মেম্বার, সৈয়দ মোহাম্মদ জাবেদ, মীর খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে এলাকায় ফিরে এসেছি। দলের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। মাধবপুর ও চুনারুঘাটে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, শান্তিপ্রিয় এই দুই উপজেলায় কাউকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। সবাই যেন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে বসবাস করতে পারেন, সেটিই তাঁর মূল লক্ষ্য। এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে, একই দিন দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের সভাকক্ষে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৩২ জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন এমপি ফয়সল। সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে প্রত্যেক রোগীকে এক লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত রোগীরা এই আর্থিক সহায়তা পান।
চেক বিতরণকালে এমপি ফয়সল বলেন, “অসুস্থতা একটি পরিবারের জন্য বড় আর্থিক ও মানসিক সংকট। অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের পাশাপাশি মানবিক কর্তব্যও।”
ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
কালনেত্র