
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূর করতে অবশেষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার লক্ষ্যে বাজারের প্রধান ড্রেনগুলো পরিষ্কারের কাজ এখন জোরকদমে চলছে।
সম্প্রতি ‘দৈনিক কালনেত্র’-এ জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে সচিত্র সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের এবং এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধান ও সরাসরি উদ্যোগে এ ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়।
বাজার সেক্রেটারি আব্দুল মালেকের বিশেষ প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় পরিচ্ছন্নতা কাজ নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।
ড্রেনে জমে থাকা বর্জ্য, প্লাস্টিক ও পলি মাটি অপসারণ করা হচ্ছে, যাতে বর্ষার পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে।
ড্রেন পরিষ্কারের কাজ সম্পন্ন হলে বাজারের স্থানীয় ব্যবসায়ী ও কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।