
দীর্ঘদিন ধরে জমি দখল এবং একের পর এক মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে সফিক উদ্দিন নামক এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা জালালউদ্দিন মধু মিয়ার ছোট ভাই।
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, ১৯৯৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ২৫ বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সফিক উদ্দিন এলাকার বহু সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে এবং আইনের মারপ্যাঁচে জড়িয়ে তাদের পৈতৃক ও ক্রয়কৃত জমিজমা দখল করে নিয়েছেন। এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান গাজীগঞ্জ বাজার জামে মসজিদের জমিও তার হাত থেকে রেহাই পায়নি বলে স্থানীয়রা দাবি করেছেন।
ভুক্তভোগীদের তথ্যমতে, জমি দখলের পাশাপাশি তিনি অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও সামাজিকভাবে হয়রানি করে আসছেন। তার দায়ের করা উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে বর্তমানে সচল রয়েছে—গাজীগঞ্জ বাজার জামে মসজিদ সংক্রান্ত ৩টি মামলা, ছাদেক মিয়া গং-এর বিরুদ্ধে ২টি মামলা, দরবেশ আলী গং-এর বিরুদ্ধে ৩টি মামলা এবং আঃ আহাদ গং-এর বিরুদ্ধে ৩টি মামলা। এছাড়া, মেহেরুন্নেছা (এম. মাহমুদ হোসেনের মাতা) এবং ফরহাদ বখত চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ইতোপূর্বে নিষ্পত্তি হয়েছে বলে জানা গেছে।
একের পর এক মামলা ও জমি দখলের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভূমিদস্যুতা ও মামলাবাজির এই চক্র থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী পরিবারগুলো এবং সচেতন এলাকাবাসী স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার কামনা করেছেন।
কালনেত্র