
ধর্ম হিসেবে ইসলাম সর্বশেষ। তবে ইসলাম নিজেকে সম্পূর্ণ নতুন কোনো ধর্মীয় ধারণা হিসেবে উপস্থাপন করে না; বরং আদম (আ.), নূহ (আ.), ইবরাহিম (আ.), মূসা (আ.), দাউদ (আ.) ও ঈসা (আ.) এর মাধ্যমে প্রচারিত একেশ্বরবাদী ঐশী বার্তার ধারাবাহিকতা ও চূড়ান্ত পর্যায় হিসেবে বিবেচনা করে।
ইসলামের দৃষ্টিতে ইহুদি, খ্রিষ্টান ও মুসলমানরা সম্পূর্ণ বিচ্ছিন্ন তিনটি ধর্মীয় ইতিহাসের অনুসারী নন। তাঁদের ধর্মীয় ঐতিহ্যের মধ্যে একই ঐশী উৎস, বহু অভিন্ন নবী, নৈতিক শিক্ষা এবং ধর্মীয় কাহিনীর যোগসূত্র রয়েছে। তবে এ ধারাবাহিকতা মানে এই নয় যে তিন ধর্মের বিশ্বাস, ধর্মগ্রন্থ ও ধর্মতত্ত্ব অভিন্ন। সৃষ্টির শুরু থেকে বিভিন্ন রকমের পরিবর্তনের মাধ্যমে ইসলাম সর্বশেষ ধর্ম হিসেবে পরিপূর্ণতা লাভ করেছে। মুসলমানের নিকট ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ (ﷺ) যেমন গুরুত্বপূর্ণ তেমনি অন্য সকল নবী ও রাসূলগণ (প্রায়) সমান মর্যাদা পেয়ে থাকেন। ব্যাখ্যা করে বললে, একজন মুসলমান ঈসা (আঃ) কে বিশ্বাস করেন কারণ এটা তার ঈমানী দায়িত্ব। এখানেই ইসলামের শ্রেষ্ঠত্ব বিদ্যমান।
পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে এসব নবী-রাসূল এবং তাঁদের ওপর অবতীর্ণ আসমানী কিতাবের কথা বর্ণনা করা হয়েছে। কুরআনের সূরা আলে-ইমরানের ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, “তিনি সত্যসহ আপনার প্রতি কিতাব নাযিল করেছেন, পূর্বে যা এসেছে তার সত্যতা প্রতিপন্নকারীরূপে। আর তিনি নাযিল করেছিলেন তাওরাত ও ইনজিল”। সূরা আল বাকারার ১৩৬ নম্বর আয়াতে রয়েছে, “তোমরা বল, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাযিল হয়েছে এবং যা ইবরাহীম, ইসমা’ঈল, ইসহাক, ইয়া’কুব ও তার বংশধরদের প্রতি নাযিল হয়েছে, এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রব এর নিকট হতে দেওয়া হয়েছে। আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না। আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী”। সূরা আল-মায়িদার ৪৮ নম্বর আয়াতের ভাষায়, “তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি শরিয়ত ও একটি পথ নির্ধারণ করেছি”। ইতিহাসবিদের কাছে ইসলাম সপ্তম শতকের একটি স্বতন্ত্র ধর্মীয় ঐতিহ্য; আর মুসলমানের বিশ্বাসে এটি আদিকাল থেকে চলে আসা ঐশী একেশ্বরবাদের চূড়ান্ত প্রকাশ।
সর্বশেষ তিনটি স্বীকৃত ধর্মের হিসাব করলে দেখা যায়, ইহুদি ধর্ম এর মধ্যে প্রাচীন। ইহুদি ঐতিহ্যের ভেতর থেকে প্রথম শতকে খ্রিষ্টধর্ম আবির্ভূত হয়। আর আরব দেশে ইসলামের জন্ম সপ্তম শতকে। ইসলাম গড়ে ওঠার সময় আরব ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে ইহুদি, খ্রিষ্টান এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপস্থিতি ছিল। ফলে এ ধর্মগুলোর মধ্যে ঐতিহাসিক যোগাযোগ, ধর্মীয় ধারণার আদান-প্রদান এবং একইসাথে পারস্পরিক বিতর্কও ছিল।
ইতিহাসবিদগণের মতে, ঈসা (আ.) আসার মাধ্যমে খ্রিষ্টধর্মের যাত্রা শুরু হয় এবং একইসাথে মূসা (আ.) এর ধর্ম বাতিল হয়ে যায়। মানুষকে নতুন ধর্মের দিকে আহ্বান করা হয়। মানুষ নতুন ধর্মের আকর্ষণে আকৃষ্ট হয় এবং ধর্মান্তরিত হয়। যারা হয়নি তারা তাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে আসতে অস্বীকৃতি জানান। একইভাবে, ইসলামের আবির্ভাবের ফলে খ্রিষ্টধর্ম বাতিল হয়ে যায়। মানুষ ইসলামের পরিপূর্ণতায় এর ছায়াতলে আসে। তবে আবারও পূর্বপুরুষের ধর্মের দোহাই দিয়ে খ্রিষ্টধর্মের অনুসারী হিসেবে রয়ে যান।
বর্তমানে বিশ্বে খ্রিস্টধর্মাবলম্বীর সংখ্যা আনুমানিক ২৩০–২৪৫ কোটি (২৯ শতাংশ), ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ২০০ কোটি (২৫.৫ শতাংশ), ধর্মীয় পরিচয়হীন, ধর্মনিরপেক্ষ ও নাস্তিক জনগোষ্ঠীর সংখ্যা সংজ্ঞা ও জরিপভেদে প্রায় ১২০–১৯০ কোটি। অন্যদিকে, হিন্দুধর্মাবলম্বীর সংখ্যা আনুমানিক ১১০–১৩০ কোটি (১৫ শতাংশ) এবং বৌদ্ধধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ৩০–৫৩ কোটি (৪ শতাংশ)। এ ছাড়া শিখধর্ম, ইহুদিধর্ম, লোকজ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মসহ অন্যান্য ধর্মীয় বিশ্বাসের অনুসারীর সংখ্যা ২০ কোটিরও বেশি। উল্লেখ্য, বিভিন্ন উৎসের তথ্য সংগ্রহের সময়, সংজ্ঞা ও গণনাপদ্ধতির পার্থক্যের কারণে এসব পরিসংখ্যানে কিছুটা তারতম্য হতে পারে। মানব জাতির ঊষালগ্ন থেকে কালের পরিক্রমায় সর্বশেষ ধর্ম হলো ইসলাম; যা বিভিন্ন পর্যায়ে বিকশিত হয়ে পরিপূর্ণতা পেয়েছে। নবীজি (ﷺ) তাঁর জীবদ্দশায়ই ইসলামের পরিপূর্ণতা এনে দিয়েছেন। কুরআনের ভাষায়, “আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে পছন্দ করলাম (সূরা মায়েদা, আয়াত ৩ এর একাংশ)”।
ধর্ম হিসেবে ইসলাম যে সত্য এর সবচেয়ে বড় প্রমাণ নবীজির (ﷺ) আগমন। হজরত মুহাম্মদ (ﷺ) এর আগমনের সুসংবাদ পূর্ববর্তী নবীদের মাধ্যমে এবং পূর্ববর্তী আসমানী কিতাবগুলোতে বিবৃত হয়েছে; যা আজকের আলোচনার অন্যতম প্রধান বিষয়। তাওরাতের দ্বিতীয় বিবরণ ১৮:১৮ এ ঈশ্বর মূসাকে বলেন: “আমি তাদের ভাইদের মধ্য থেকে তোমার মতো একজন নবী উত্থাপন করব। আমি আমার বাণী তাঁর মুখে দেব এবং আমি তাঁকে যা আদেশ করব, তিনি তাদের তা-ই বলবেন।” [Deuteronomy 18:18, “I will raise up for them a prophet like you from among their brothers. I will put my words in his mouth…”]
ইসলামি বিশ্বাস অনুযায়ী, এটি মূসা (আ.) এর প্রতি অবতীর্ণ তাওরাতের অংশ। আবার খ্রিষ্টানদের বাইবেলেও এটি Old Testament এর অন্তর্ভুক্ত। এর ব্যাখ্যায় কেউ কেউ মনে করেন, এ ভবিষ্যৎ নবী হলেন মুহাম্মদ (ﷺ)। যদিও এখানে মুহাম্মদ (ﷺ) এর নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে এ নিয়ে তিন ধর্মীয় ঐতিহ্যে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। তাই একে স্বতঃসিদ্ধ হিসেবে বিবেচনা করার যথেষ্ট অবকাশ নাই।
তাওরাতের আদিপুস্তক ১৭:২০ তে ঈশ্বর ইবরাহিমকে ইসমাইল সম্পর্কে বলেন: “আমি তাকে আশীর্বাদ করেছি, তাকে ফলবান করব এবং তার বংশধরদের অত্যন্ত বৃদ্ধি করব। তার থেকে বারো জন নেতা জন্ম নেবে এবং আমি তাকে একটি মহান জাতিতে পরিণত করব।” [Genesis 17:20, “And as for Ishmael, I have heard thee: Behold, I have blessed him, and will make him fruitful, and will multiply him exceedingly; twelve princes shall he beget, and I will make him a great nation.”]. ইসলামি ঐতিহ্যে এ বংশধারাকে আরব জাতি ও নবী মুহাম্মদ (ﷺ) এর সঙ্গে সম্পর্কিত করা হয়। যদিও এ নিয়ে মতভেদ তৈরি করা হয়েছে।
এখন যে বাক্যটি নিয়ে আলোচনা করবো সেটি বাইবেল থেকে সংগৃহীত এবং এখানে দ্বিধাহীনভাবে নবীজির (ﷺ) আগমনকে বাইবেলে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় বিবরণী ৩৩:২ তে বলা হয়েছে, তিনি বলেন, “সদাপ্রভু সিনাই পর্বত থেকে এসেছিলেন এবং সেয়ির থেকে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। তিনি পারণ পর্বত থেকে তাদের ওপর জ্যোতির্ময় হয়ে প্রকাশিত হয়েছিলেন এবং অগণিত পবিত্র সত্তার সঙ্গে এসেছিলেন। তাঁর ডান হাতে তাদের জন্য বিদ্যুতের ঝলকানি ছিল।” [He said: The LORD came from Sinai and appeared to them from Seir; he shone on them from Mount Paran and came with ten thousand holy ones, with lightning from his right hand for them (Deuteronomy 33:2 CSB (Christian Standard Bible)).]
এখানে তিনটি গুরুত্বপূর্ণ স্থানের কথা বলা হয়েছে; ক) সিনাই (Sinai) যা হজরত মূসা (আ.) কাছে ঈশ্বরের প্রকাশের সঙ্গে সম্পর্কিত। খ) সেয়ির (Seir) হলো ইদোম অঞ্চলের একটি পার্বত্য এলাকা যা হজরত ঈসা (আ.) এর সাথে সম্পর্কিত; এবং গ) পারণ (Paran) হলো ইসমাইলের (আ.) বসবাসের সঙ্গে সম্পর্কিত মরুভূমি যা হজরত মুহাম্মদ (ﷺ) এর সাথেও সম্পর্কিত।
যাত্রাপুস্তক ১৯:১৮–২০-এ বলা হয়েছে, সিনাই পর্বত ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল, কারণ সদাপ্রভু আগুনের মধ্যে পর্বতে অবতরণ করেছিলেন এবং সেখানে মূসাকে পর্বতের চূড়ায় আহ্বান করেছিলেন। পরবর্তী যাত্রাপুস্তক ২০ অধ্যায়ে মূসা (আ.) এর মাধ্যমে দশটি আদেশ বা Ten Commandments প্রদানের বিবরণ রয়েছে। একইভাবে, পবিত্র কুরআনেও সিনাই বা তূর পর্বতের সঙ্গে মূসা (আ.) এর সম্পর্ক সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সূরা ত্ব-হা আয়াত ১১-১৪ তে তূর পর্বতে আল্লাহর পক্ষ থেকে মূসা (আ.) এর সঙ্গে কথা বলার ঘটনা, সূরা আল-আ’রাফ আউয়াত ১৪৩ এ আল্লাহর দর্শন লাভের জন্য তাঁর আকাঙ্ক্ষা এবং সূরা আন-নিসার ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ যে মূসা (আ.) এর সঙ্গে সরাসরি কথা বলেছেন, তা উল্লেখ করা হয়েছে। সুতরাং, ইহুদি, খ্রিষ্টান ও ইসলামি ধর্মীয় ঐতিহ্য এ তিনটিতেই সিনাই বা তূর পর্বতের সঙ্গে মূসা (আ.) এর বিশেষ সম্পর্ক স্বীকৃত। সেয়ির বর্তমান জর্ডানের দক্ষিণাঞ্চলের সঙ্গে সম্পর্কিত এবং এটি হজরত ঈসা (আ.) এর সাথেও সম্পর্কিত। এ নিয়ে তেমন কোনো মতপার্থক্য নাই।
তবে এখানে যে দুটি বিষয় পরিস্কার করতে হবে তা হলো পারণ ইসমাইলের (আ.) এর সাথে এবং ইসমাইলের (আ.) হজরত মুহাম্মদ (ﷺ) এর সাথেও সম্পর্কিত কিনা। এ বাক্যের সরাসরি বক্তব্য হলো পারণ থেকে সদাপ্রভু এসেছিলেন; সেখানে তাঁর কোনো ব্যক্তিগত নাম বা নবীর নাম উল্লেখ করা হয়নি। তাই যুক্তিযুক্ত ব্যাখ্যা ছাড়া মুহাম্মদ (ﷺ) এর সংযোগ স্থাপন করা সমীচীন হবে না। তবে বাইবেল নিজেই বলছে, ইসমাইল (আ.) পারণ মরুভূমিতে বসবাস করতেন। আদিপুস্তক ২১:১৯–২১ এ উল্লেখ রয়েছে, “তখন ঈশ্বর তার চোখ খুলে দিলেন, আর সে একটি পানির কূপ দেখতে পেল। সে গিয়ে পানির পাত্রটি ভরে ছেলেটিকে পানি পান করাল। ঈশ্বর সেই ছেলেটির সঙ্গে ছিলেন। সে বড় হয়ে উঠল এবং মরুভূমিতে বসবাস করতে লাগল; সে একজন তীরন্দাজে পরিণত হলো। সে পারণ মরুভূমিতে বসবাস করল, আর তার মা মিসর দেশ থেকে তার জন্য একজন স্ত্রী নিয়ে এলেন।” [Then God opened her eyes, and she saw a well. So she went and filled the waterskin and gave the boy a drink. God was with the boy, and he grew; he settled in the wilderness and became an archer. He settled in the Wilderness of Paran, and his mother got a wife for him from the land of Egypt (Genesis 21:19-21 CSB (Christian Standard Bible)).]
এখানে ছেলেটি হলো ইসমাইল (আ.), তাঁর মা হাজেরা (আ.) এবং উল্লেখিত স্থান হলো পারণ মরুভূমি (Wilderness of Paran) । এই অংশটি ইসমাইল (আ.)-এর জীবন, তাঁর বংশধরদের ভবিষ্যৎ এবং পারণ অঞ্চলের সঙ্গে তাঁর সম্পর্ক বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখানে তিনটি বিষয় স্পষ্ট। প্রথমত, ঈশ্বর ইসমাইলের (আ.) সঙ্গে ছিলেন। দ্বিতীয়ত, ইসমাইল (আ.) বড় হয়ে মরুভূমিতে বসবাস করেন। তৃতীয়ত, তাঁর বসবাসের স্থান ছিল পারণ মরুভূমি। ইতিহাস বলছে, ইসমাইল (আ.) ছিলেন হজরত মুহাম্মদ (ﷺ) এর পূর্বপুরুষ। সুতরাং, তাওরাত ও বাইবেলের বক্তব্য অনুসারে মুহাম্মদের (ﷺ) আগমন এক প্রতিষ্ঠিত সত্য। ফলে ইসলামের সত্যতা নিয়ে আর প্রশ্ন উত্থাপিত হয় না।
নবীজির (ﷺ) আগমন নিয়ে পবিত্র কুরআনে এ দুটি বিশেষ আয়াত রয়েছে। সূরা আল-আ’রাফ এর ১৫৭ নম্বর আয়াতে বলা হয়েছে, “যারা সেই রাসুল ও উম্মি নবীকে অনুসরণ করে, যাঁকে তারা নিজেদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত অবস্থায় পায়”। এছাড়া, সূরা আস-সাফ এর ৬ নম্বর আয়াতের ভাষ্য অনুযায়ী, হজরত ঈসা (আ.) বনি ইসরায়েলকে বলেছেন: “হে বনি ইসরায়েল! নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর রাসুল … এবং আমার পরে আহমদ নামের একজন রাসুলের সুসংবাদদাতা।” এখানে আহমদ (أَحْمَدُ) হলো মুহাম্মদ (ﷺ) এর একটি নাম।
৬৬১ থেকে ৭৫০ খ্রিষ্টাব্দের মধ্যে উমাইয়া শাসনামলে উত্তর আফ্রিকা ও স্পেনসহ বিভিন্ন অঞ্চলে ইসলামের প্রাথমিক সম্প্রসারণ ঘটে। ৭৫০–৯০০ খ্রিষ্টাব্দে আব্বাসীয় যুগে পারস্য ও মধ্য এশিয়ায় ইসলামের বিস্তারের ফলে মুসলিম জনসংখ্যা আনুমানিক ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটির পর্যায়ে পৌঁছায়। ৯০০–১০০০ খ্রিষ্টাব্দে বাণিজ্য, সুফি আন্দোলন ও স্থানীয় মুসলিম রাজবংশের প্রভাবে এ সংখ্যা প্রায় ২ কোটি থেকে ২ কোটি ৫০ লাখে উন্নীত হয়। পরবর্তী ১০০০–১২০০ খ্রিষ্টাব্দে মধ্য এশিয়া, ভারত ও আফ্রিকায় ইসলামের বিস্তারের ধারাবাহিকতায় মুসলিম জনসংখ্যা আনুমানিক ২ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটিতে পৌঁছায়। ১২০০–১৩০০ খ্রিষ্টাব্দে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা এবং মঙ্গোল-পরবর্তী মুসলিম রাজ্যগুলোর উত্থানের প্রেক্ষাপটে এ সংখ্যা প্রায় ৩ কোটি থেকে ৪ কোটিতে উন্নীত হয়। ১৩০০–১৪০০ খ্রিষ্টাব্দে পশ্চিম আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও আনাতোলিয়ায় ইসলামের প্রসারের ফলে মুসলিম জনসংখ্যা আনুমানিক ৪ কোটি থেকে ৫ কোটিতে পৌঁছায়। অবশেষে, ১৪০০–১৫০০ খ্রিষ্টাব্দে উসমানীয় সাম্রাজ্যের বিস্তার এবং ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলামের ক্রমবর্ধমান প্রসারের ফলে মুসলিম জনসংখ্যা প্রায় ৫ কোটি থেকে ৫ কোটি ৫০ লাখে উন্নীত হয়েছিল বলে কিছু ঐতিহাসিক অনুমানে ধারণা করা হয়। তবে উল্লেখ্য, মধ্যযুগে আধুনিক জনশুমারির ব্যবস্থা না থাকায় এসব সংখ্যা নিশ্চিত পরিসংখ্যান নয়; বরং ঐতিহাসিক ও জনমিতিক পুনর্গঠনের ভিত্তিতে আনুমানিক হিসাব করা হয়েছে।
যে বিষয়টি লিখে এ আলোচনা শেষ করতে চাই তা হলো যেহেতু ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাই মুসলমানদের দায়িত্ব অনেক। খ্রিষ্টধর্মের অনুসারীর সংখ্যা সর্বাধিক হওয়ায় যৌক্তিকভাবে দুটি বিষয় উপস্থাপন করা যায়। এক) খ্রিষ্টধর্মের অনুসারীগণ তাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে নতুন ধর্মের অনুসারী হননি। দুই) মুসলমানদের জন্য ইসলাম ধর্মের যে আহ্বান (দ্বীনের দাওয়াত) পরিচালনা করা দরকার ছিল সেটি পরিপূর্ণভাবে করা হয়নি। হয়তো সে কারণেই খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সংখ্যার আধিক্য রয়েছে। ফলে সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী হিসেবে মুসলমানদের একটা দায়বদ্ধতা রয়েই যায়। সে দায়বদ্ধতার জায়গা থেকে আমাদেরকে ‘সঠিক পথে’ ইসলামের দাওয়াতের কাজ আরও নিবিড়ভাবে পরিচালনা করতে হবে।
লেখক: উন্নয়ন অর্থনীতি গবেষক
কালনেত্র