
জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নীতি ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। অনৈতিক শিক্ষা কখনো ভালো জাতি উপহার দিতে পারে না। নৈতিক শিক্ষা ছাড়া যতই শিক্ষা দেওয়া হোক, অনৈতিকতার কারণে একটি পরিবার ও জাতি ধ্বংসের পথে চলে যেতে পারে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মাহফুজা হান্নান বলেন, সরকার যা কিছু দেয়, সব উপজেলায় সমভাবে দেওয়ার চেষ্টা করা হয়। সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা থাকে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষিত করতে হবে, যাতে জাতির মেরুদণ্ড ঠিক থাকে। শিক্ষার্থীরা ভালো ফলাফল করলে তার প্রভাব গোটা উপজেলায় ছড়িয়ে পড়ে। তাই শিক্ষকদের শিশুদের প্রতি আন্তরিক হওয়ার পাশাপাশি লেখাপড়ার সঙ্গে নীতি ও নৈতিকতার শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান।
বিশ্বনাথে আসার উপলক্ষে অধ্যাপক মাহফুজা হান্নান পৌরসভার অন্তর্গত রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও হযরত ওমর ফারুক (রা.) একাডেমি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন।
প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করা হয়।
কালনেত্র