1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালির সংস্কার: ক্ষোভ মাধবপুর এলাকাবাসীর

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে এই প্রস্তুতির মধ্যেই সামনে এসেছে দীর্ঘদিনের অবহেলায় বেহাল হয়ে পড়া সড়কের বাস্তব চিত্র যা এখন তড়িঘড়ি করে জোড়াতালি দিয়ে সংস্কার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ৪ এপ্রিলের অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের আগমনকে কেন্দ্র করে তেলিয়াপাড়া পুরাতন মহাসড়ক থেকে চা বাগানের ভেতরে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। এতে প্রতিদিন চা বাগানের শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও আগত দর্শনার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে মন্ত্রীদের সফরকে সামনে রেখে এখন সেই ভাঙাচোরা অংশে ইট, খোয়া ও বালু ফেলে অস্থায়ীভাবে সংস্কার কাজ চালানো হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর তেলিয়াপাড়া দিবস এলেই একইভাবে সাময়িক মেরামত করা হয়, কিন্তু কিছুদিন পরই সড়কটি আবার আগের মতোই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে স্থায়ী সমাধান থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

তেলিয়াপাড়া চা বাগানের সাবেক ইউপি সদস্য যোগেন্দ্র সাঁওতাল বলেন, “এই সড়কটি শুধু একটি যোগাযোগ পথ নয়, এটি আমাদের ইতিহাস ও পর্যটনের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু বছরের পর বছর ধরে এর কোনো টেকসই উন্নয়ন হয়নি। প্রতিবছর দিবস এলেই অস্থায়ী সংস্কার করা হয়, যা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়।”

তিনি আরও বলেন, “মন্ত্রীদের আগমনে আমরা আনন্দিত। তবে আমরা চাই, এই সুযোগে যেন সড়কটির স্থায়ী উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।”

ইউপি সদস্য সাইমন মর্মও একই দাবি জানিয়ে বলেন, “এই সড়ক দেশের ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তাই এর টেকসই ও পরিকল্পিত উন্নয়ন এখন সময়ের দাবি।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রেজাউন নবী জানান, মন্ত্রীদের আগমন উপলক্ষে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ চালানো হচ্ছে। সড়কটির পূর্ণাঙ্গ উন্নয়নের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে স্থায়ীভাবে উন্নয়নকাজ শুরু করা হবে।

এদিকে এলাকাবাসীর প্রত্যাশা শুধু আনুষ্ঠানিকতা বা সফরকেন্দ্রিক সাময়িক সংস্কার নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে তেলিয়াপাড়ার এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা হোক।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট