
চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট শহরে দীর্ঘদিন ধরে যানজট ভোগান্তিতে রয়েছেন উপজেলাবাসী। ঈদ যাত্রায় এ ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করেছে। যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পিত কোনো উদ্যোগ না নেওয়ায় জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, পৌর শহরের উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার সড়কে প্রায় প্রতিদিনই যানজটের লম্বা লাইন লেগে থাকে। বিশেষ করে সকাল, দুপুর ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। রিকশা, সিএনজি, অটোরিকশা, বালুবাহী ট্রাক ও পণ্যবাহী যানবাহনের অবাধ চলাচল এবং সড়কের দুই পাশে অবৈধ দখল যানজটকে আরও তীব্র করে তুলছে।
স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকার সড়কের দু’পাশে ফুটপাত দখল করে দোকান বসানো, এলোমেলোভাবে যানবাহন পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতির কারণে প্রতিনিয়ত এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও অনেক সময় দীর্ঘ সময় আটকে থাকে যানজটে।
ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে ক্রেতাদের আগমন কমে গেছে। ফলে বেচাকেনায় প্রভাব পড়ছে। অন্যদিকে, সাধারণ যাত্রীরা সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতোকিছুর পরেও উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছেন।
সচেতন মহলের দাবি- অবৈধ দখল উচ্ছেদ, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু ও ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি সম্ভব। এতে তারা প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আমরা যানজট নিরসনে চেষ্টা অব্যাহত রেখেছি।
দ.ক.সিআর.২৬