
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দামোদরপুর শ্মশানের সেবক ঘর ভেঙে ফেলার ঘটনায় নতুন নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
মাদক আস্তানার অভিযোগ তুলে শামীম মেম্বার কর্তৃক শ্মশানের সেবক ঘরটি ভেঙে ফেলার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশকে এক লিখিত বার্তায় নির্দেশ দিয়েছেন, কেয়ারটেকার নিয়োগ ছাড়া ওই স্থানে পুনরায় কোনো পরিত্যক্ত ঘর নির্মাণ করা যাবে না।
একই সঙ্গে শর্তসাপেক্ষে শামীম মেম্বারকে শ্মশানের সেবক ঘরটি পুনর্নির্মাণ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুনর্নির্মিত ঘরটির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে শ্মশানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং এ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটবে।
কালনেত্র