আব্দুর রাজ্জাক রাজু: সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ-কে সংবর্ধনা জানিয়েছে চুনারুঘাটের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজকল্যাণ সংস্থা ‘ছয়শ্রী’।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চুনারুঘাট উপজেলার আহমৃমদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে উঠে আসে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর সমৃদ্ধ ইতিহাস, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা অনুষঙ্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, জেলার শিল্প-সাহিত্য, লোকজ সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বিকাশের এই আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে সম্মাননা ছিল কেবল একজন কর্মকর্তার জন্য নয়, বরং সংস্কৃতিবান ও মানবিক সমাজ নির্মাণের প্রত্যয়েরও প্রতীক।
বক্তারা জানান, প্রশাসনিক কর্মকর্তারা সংস্কৃতি সমৃদ্ধ হলে প্রশাসনের কাজে মানবিকতার বিকাশ ঘটে, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পায় এবং জনসেবার মান বহুগুণ বৃদ্ধি পায়। সাংস্কৃতিক মূল্যবোধ একজন কর্মকর্তাকে আরও সহানুভূতিশীল, ধৈর্যশীল ও সৃজনশীল করে তোলে, যা তৃণমূলের মানুষের সাথে সুদৃঢ় ও আস্থাশীল সম্পর্ক তৈরিতে সরাসরি সহায়তা করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা গালিব চৌধুরী।
দ.ক.সিআর.২৬