অজয় বিশ্বাস: আগেও বলা হয়েছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ২০২৪-এর গণআন্দোলন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই আন্দোলনের মাধ্যমে নাগরিক অংশগ্রহণ, রাজনৈতিক দাবি-দাওয়া এবং সামাজিক অসন্তোষের বহুমাত্রিক প্রকাশ ঘটেছে। একই সাথে সহিংসতা, মব সৃষ্টির মাধ্যমে নৃশংতা, শিক্ষক ও মুক্তিযোদ্ধাদের লাঞ্চনা ও রাষ্ট্রীয় প্রতিক্রিয়া ও বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক জন্ম নেয়। এই পর্বে আন্দোলনের পটভূমি, বিস্তার, অংশগ্রহণের প্রকৃতি, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া এবং তাত্ত্বিক বিশ্লেষণের আলোকে এর সবলতা ও দূর্বলতা পর্যালোচনা করা হয়েছে। একটি নিরপেক্ষ ও তথ্যনির্ভর বিশ্লেষণের প্রয়াস থেকেই এই আলোচনা।
গণআন্দোলন সমাজের রাজনৈতিক চেতনা ও নাগরিক সক্রিয়তার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। ২০২৪ সালের গণ-আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপটে এমন এক সময় সংঘটিত হয়, যখন রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চাপ এবং সামাজিক অসন্তোষ ক্রমশ তীব্রতর হয়ে উঠছিল। সর্বশেষে এই আন্দোলনে নাগরিক অংশগ্রহণের কারণে নতুনমাত্রা যুক্ত হলেও এর পদ্ধতি, প্রভাব ও ফলাফল নিয়ে দ্বিমত ও বিতর্ক রয়েছে।
এবারের আলোচনার মূল উদ্দেশ্য হলো গণ-আন্দোলনকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে বিশ্লেষণ করা, যেখানে ঘটনাটির বহুমাত্রিক দিকসমূহ-রাজনৈতিক, সামাজিক ও তাত্ত্বিক বিবেচনা সমান গুরুত্ব পেয়েছে।
আন্দোলনের প্রেক্ষাপট বা পটভুমি হিসেবে বলা য়ায়, এই দেশে ছাত্র ও গণ আন্দোলনের ইতিহাস পুরোনো এবং তা রাজনৈতিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব আন্দোলন নাগরিক অধিকার, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২০২৪-এর গণআন্দোলনের পেছনেও একাধিক কাঠামোগত ও তাৎক্ষণিক কারণ বিদ্যমান ছিল। অর্থনৈতিক চাপ, নীতিগত অসন্তোষ, রাজনৈতিক প্রতিযোগিতা এবং শাসনব্যবস্থা নিয়ে জনমনে সৃষ্ট অসন্তোষ ধীরে ধীরে একটি সংঘবদ্ধ প্রতিক্রিয়ার দিকে ধাবিত হয়েছে। এই প্রক্রিয়ায় তরুণ সমাজের অংশগ্রহণ বিশেষভাবে লক্ষণীয়। তাদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করেছে, যা আন্দোলনকে দ্রুত বিস্তার লাভে সহায়তা করে। এ পর্যায়ে আন্দোলনের ধরণ ও গতিশীলতা নিয়ে আলোচনা করা যেতে পারে।
আন্দোলনটি শুরুতে শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে আত্মপ্রকাশ করলেও সময়ের সাথে সাথে এর চরিত্র পরিবর্তিত হতে থাকে। এক পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ এটিকে গণভিত্তি এনে দেয়। তবে কিছু ক্ষেত্রে সহিসংতা, ভাঙচুর এবং সংঘর্ষ এবং হত্যার মতো নৃশংসতা পরিস্থিতিকে জটিল করে তোলে। এই ধরণের সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড আন্দোলনের নৈতিকতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। একই সাথে জামায়াত-শিবিরের আত্মপ্রকাশ সাধারণ মানুষের মনে ভীতির পাশাপাশি আন্দোলনের সুফল ঘরে তোলা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। কারণ ছাত্রদের আকাঙ্ক্ষার সাথে আন্দোলনের চরিত্র পরিবর্তনের কোনো মিল ছিল না। তবে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার আন্দোলনের গতিশীলতায় এক নতুন মাত্রা যোগ করেছিল। দ্রুত তথ্যপ্রবাহ, সংগঠন এবং জনমত গঠনে এর ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্যের বিস্তারও তখন একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়।
আন্দোলনের এক পর্যায়ে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া হিসেবে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি এবং কঠোর ব্যবস্থাগ্রহণ উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা হিসেবে বিবেচিত হয়। কিন্তু এসব পদক্ষেপের সমালোচনাও দেখা যায়, বিশেষ করে মানবাধিকার, নাগরিক স্বাধীনতা এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে পাস্পরিক অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়। যা কারোই কাম্য ছিল না।
এই আন্দোলন বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্নভাবে মূল্যায়িত হয়েছে। কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে, এটি জনগণের ন্যায়সংগত দাবির বহিঃপ্রকাশ; অন্যদিকে, সমালোচকরা এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য ও কৌশলগত প্রভাবের উপস্থিতি দেখতে পান। সহিংসতা, সম্পদ বিনষ্ট এবং প্রাণহানির ঘটনা আন্দোলনের নৈতিক অবস্থানকে দূর্বল করে দেয় এবং জনমতের বিভাজন সৃষ্টি করে। একই সঙ্গে বিচারপ্রক্রিয়া ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠায় এই বিতর্ককে আরও গভীর করে।
যে কোনো জনবিস্ফোরণের মতো এই আন্দোলনেরও কিছু সুসংহত সবল দিক ছিল, আবার কিছু সীমাবদ্ধতা বা দুর্বল দিকও পরিলক্ষিত হয়েছে। এর একটি নির্মোহ বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো:
আন্দোলনের একটি সবল দিক ছিল অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব। আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল এর অরাজনৈতিক চরিত্র। সমন্বয়কদের কোনো দলীয় পরিচয় না থাকায় সাধারণ মানুষ, এমনকি ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষও একই ব্যানারে ঐক্যবদ্ধ হতে পেরেছিল। এটি গণতান্ত্রিক অংশগ্রহণের একটি ইতিবাচক দিক নির্দেশ করে।
আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারও এই আন্দোলনের একটি বড় সংযোজন। বিশেষকরে সামাজিক যোগাযোগ মাধ্যম (Facebook, Telegram) ব্যবহার করে মুহূর্তের মধ্যে তথ্য প্রচার এবং আন্দোলন সংগঠিত করা হয়েছে। আন্দোলনের সময় ইন্টানেট বন্ধ থাকা অবস্থায়ও তারা বিকল্প পন্থায় যোগাযোগ সচল রাখা হয়েছিল।
দ.ক.সিআর.২৬