আসাদ ঠাকুর: হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশনায় ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ ও বিভিন্ন পয়েন্টে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।
ফোর্স মোবিলাইজেশন ড্রিলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং ও বাহুবল সার্কেল) জনাব প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জনাব এ. কে. এম. সালিমুল হকসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের ট্রাফিকসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।
এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদুল হক চৌধুরী জানান, হবিগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দ.ক.সিআর.২৬