
দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন। দেশের অন্যান্য এলাকার সঙ্গে হবিগঞ্জের বাহুবল উপজেলার ১১টি চা বাগানেও একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে বাগান এলাকা।
উপজেলার ১১টি চা বাগানের পঞ্চায়েত কমিটি গঠনের লক্ষ্যে ১১টি ভোটকেন্দ্রে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়ায় শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার ১১টি চা বাগানে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ৭২৪ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ১ হাজার ৭৩৭ জন এবং পুরুষ ভোটার ১ হাজার ৯৮৭ জন। নির্বাচনে ৩৯টি প্যানেলে মোট ৫৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি বাগানের শ্রমিকদের ভোটে সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটি গঠিত হবে।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচন উপলক্ষে নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, উপজেলার ১১টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচনকে ঘিরে চা শ্রমিকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। শ্রমিকদের অধিকার আদায়, দাবি-দাওয়া বাস্তবায়ন, কর্মপরিবেশের উন্নয়ন ও জীবনমান পরিবর্তনে পঞ্চায়েত কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এবারের নির্বাচনে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা করছেন সাধারণ শ্রমিকরা।
সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে বাহুবলের ১১টি চা বাগানে এখন ভোটের আমেজ। ৩ হাজার ৭২৪ ভোটারের রায়ে কারা নির্বাচিত হয়ে শ্রমিকদের প্রতিনিধিত্বের দায়িত্ব পান, তা জানতে অপেক্ষায় রয়েছেন প্রার্থী, সমর্থক ও সাধারণ শ্রমিকরা।
কালনেত্র