
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে আদম ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মো. রাসেল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু অবৈধভাবে বিদেশে লোক পাঠানোই নয়, চাকরির প্রলোভন ও বিদেশ যাত্রার প্রক্রিয়ার কথা বলে ভুক্তভোগী নারীদের সাথে প্রতারণা এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর মতো গুরুতর অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. রাসেল মিয়া চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরআব্দা গ্রামের আঃ জব্বার মিয়ার ছেলে। যার নালমুখ বাজারে রাসেল ট্রাভেলস এন্ত টুরস নামীয় আদম ব্যবসার একটি ‘অফিসও রয়েছে।
রাসেল মূলত ঢাকার বিভিন্ন ট্রাভেলস এজেন্সির দালাল বা মধ্যস্থতাকারী হিসেবে মফস্বল এলাকা থেকে বিদেশগামী কর্মী সংগ্রহ করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী কর্মী (মহিলা ভিসা) পাঠানোর কাজে তিনি বেশি সক্রিয়।
অনুসন্ধানে জানা যায়, জনশক্তি রপ্তানি বা বিদেশে লোক পাঠানোর বিষয়ে রাসেল মিয়ার সরকারি কোনো অনুমোদন বা বৈধ লাইসেন্স নেই। তবুও তিনি এলাকায় নিজেকে বড় মাপের আদম ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে সহজ-সরল নারীদের মধ্যপ্রাচ্যে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলেন।
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে তার কর্মপদ্ধতি নিয়ে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, বিদেশে পাঠানোর প্রাথমিক ধাপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষা (মেডিক্যাল) এবং আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার কথা বলে রাসেল মিয়া গ্রাম থেকে নারীদের শহরে নিয়ে যান। কিন্তু কাজের কথা বলে নিয়ে গিয়ে তিনি ভুক্তভোগী নারীদের বিভিন্ন আবাসিক হোটেলে তোলেন এবং সেখানে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন বলে অভিযোগ রয়েছে। লোকলজ্জা ও সামাজিক মর্যাদার ভয়ে অনেক ভুক্তভোগী নারী এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারি এড়িয়ে রাসেল মিয়া দীর্ঘদিন ধরে এই অবৈধ ও অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এভাবে চলতে থাকলে এলাকার আরও অনেক নিরীহ নারী প্রতারণা ও ক্ষতির শিকার হবেন। অবিলম্বে এই লাইসেন্সবিহীন দালালের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
দ.ক.সিআর-২৬