
হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অধ্যক্ষ ফজলুল হক তরফদারকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, চুনারুঘাট, হবিগঞ্জের সমন্বয়ক কমিটির উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা। এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম, শিক্ষকদের পারস্পরিক ঐক্য, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত শিক্ষকরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে উপজেলার মাধ্যমিক শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক তরফদার বলেন, উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, জবাবদিহিমূলক ও আদর্শভিত্তিক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষকদের ঐক্য, অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের সর্বোচ্চ চেষ্টা করব।
সভায় নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করা হয়।
কালনেত্র