
হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজ থেকে বের হওয়া একটি দ্রুতগামী গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলের দিকে আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজ থেকে একটি গাড়ি বেপরোয়া ও দ্রুত গতিতে বের হচ্ছিল। এ সময় কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা নিষ্পাপ শিশুটি আচমকা গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপস্থিত উত্তেজিত জনতা ঘাতক গাড়ির চালককে আটকে রেখে আমিরচাঁন কমপ্লেক্সের ভেতরে জিম্মি করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।