
চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ শাহ আলম নামের ১ যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালামন্ডল গ্রামের জমির আলীর পতিত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহত শাহ আলম এর বাবা হাবিবুর রহমান বলেন, শুক্রবার রাতে তার ভাই সফিক মিয়ার পরিবার বাড়ির সীমানার পিলার উপরে ফেলে।
সকালে তিনি ও তার ছেলে শাহ আলম সফিক মিয়ার কাছে এর কারণ জানতে চান।
এ নিয়ে বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে সফিক মিয়ার ২ পুত্র আল আমিন ও মোমিন এবং তার স্ত্রী শাহেদা খাতুন তাদের উপর হামলা চালায়।
আল আমিন এর হাতে থাকা দায়ের কোপে শাহ আলম এর মাথায় গুরুতর জখম হয়।
আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
শাহ আলমকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই মর্মে তিনি বাদী হয়ে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হাবিবুর রহমান উপজেলার কালামন্ডল গ্রামের মৃত ছিদ্দিক আলীর পুত্র।
প্রতিপক্ষ সফিক মিয়া তার আপন ভাই।
এ নিয়ে গ্রামবাসী পরামর্শ সভা করেছেন।
সভায়, গ্রামবাসীরা বলেন, সফিক মিয়ার স্ত্রী শাহেদা খাতুন সকলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন।
নিজে অন্যায় করে মামলা দিয়ে স্বামীর নিকটতম আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশিদের হয়রানি করে আসছেন বহু বছর ধরে।
অন্তত মামলা করেছেন ১৪/১৫ টি।
আসামি করেছেন পর্যায়ক্রমে ৬০/৬৫ জনকে।
এখন হামলা করতে শুরু করেছেন।
তারা এর থেকে রেহাই চান।
বিষয়টি তারা স্থানীয় জনপ্রতিনিধি, ও নেতৃবৃন্দদের জানিয়ে আইনের আশ্রয় গ্রহণের সিদ্ধান্ত নেন।