
চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উঠান বৈঠক করেছেন সংসদ সদস্য শাম্মি আক্তারের ছোট ভাই, সাবেক উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম।
তিনি ২নং আহম্মদাবাদ ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আশা নিয়ে নিজ গ্রাম গোছাপাড়া সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের লোকজনকে নিয়ে এই উঠান বৈঠক করেন।
উঠান বৈঠকটি শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল এগারটার দিকে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের নিজ বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি আব্দল জব্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আজিজুল হক নাসির।
এসময় বক্তব্য রাখেন আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, গোছাপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমান, আঃ মালেক, ইউনিয়ন বিএনপি নেতা মমিন ম্যাকানিক্স সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাইফুল ইসলাম একজন শিক্ষিত ও ভদ্র ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নের উন্নয়নে ভবিষ্যতেও তাঁকে পাশে রাখার আহ্বান জানান তাঁরা।
সাইফুল ইসলাম বলেন, ‘আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। সুযোগ পেলে ২নং আহম্মদাবাদ ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।’
উঠান বৈঠকে গোছাপাড়া গ্রামের অসংখ্য মহিলা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রামের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দ.ক/আ.ঠ