
আসাদ ঠাকুর: এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৯৯৭ নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে রাজার বাজারের শিক্ষক দম্পতির কন্যা সূকন্যা দেবরায় রাঁই।
ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করেছে।
সুকন্যার কৃতিত্বে চুনারুঘাটের শিক্ষক সমাজ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার সাফল্যে পরিবারেও বইছে আনন্দের আবহ। মাতা বগাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা হোম চৌধুরী ও পিতা দক্ষিণ কালিশিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কান্তি দেবরায় মেয়ের এমন সাফল্যে আনন্দিত ও গর্বিত। তারা সুকন্যার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে আশির্বাদ কামনা করেছেন।
শৈশব থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী সুকন্যা। প্রাথমিক শিক্ষা জীবনেই সে নিয়মিতভাবে শ্রেণিতে প্রথম স্থান অধিকার করত। পরবর্তীতে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যবসায়ের মধ্য দিয়ে সে নিজেকে গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি একজন আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় রয়েছে তার।
পরিবারের সদস্যরা জানান, সুকন্যার এই সাফল্যের পেছনে পরিবারের উৎসাহ, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং তার নিজের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায় সুকন্যা।
পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা—সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রেখে সুকন্যা দেবরায় রাঁই ভবিষ্যতে আরও বড় অর্জন করবে। তার মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে—এমন প্রত্যাশা সবার।
দ.ক.সিআর.২৬