নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাটে মেহেদীর দাগ মুছার আগেই সুন্দরী বধূর প্রাণ নিভে গেলো। তবে এ মৃত্যু নিয়ে চলছে কৌতুহল। পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের খড়মপুর গ্রামে স্বামীর বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্বামী ফজলু মিয়ার বাড়ির বরাত দিয়ে পুলিশ জানায়, দেড়মাস আগে আহম্মদাবাদ ইউনিয়নের আশ্রাবপুর গ্রামের রফিক মিয়ার মেয়ে অপি আক্তার (১৯) এর বিয়ে হয়। বিয়ের পর অপি কে স্বামীর বাড়ি নিয়ে আসা হয়। এরপর থেকেই অপি’র মন খারাপ ছিলো। ফিরাযাত্রায় গিয়ে আসতে না চাইলে বুঝিয়ে তাকে স্বামীর বাড়ি পাঠানো হয়।
গতকাল ওই সময় রুমের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে দরজা ভেঙ্গে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তবে সূত্র জানায়, অপি’র হয়তোবা ফজলুর সাথে বিয়েতে মত ছিলো না।
এসআই মৃদুল রায় বলেন, সুরতহাল করে ময়নাতদন্তের জন্য অপির মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ বিষয় নিয়ে তদন্ত চলছে।
দ.ক.সিআর.২৬