
নিজস্ব প্রতিবেদক: দেশের ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী ২০ জুলাই। ওই দিন প্রকাশ করা হবে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নসহ সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অযথা সময় নষ্ট না হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। বর্তমানে ব্যবহারিক পরীক্ষা চলছে, যা ১৪ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। ফল প্রকাশের আগে ব্যবহারিক পরীক্ষার নম্বর সংযোজন, খাতা মূল্যায়ন এবং বোর্ডভিত্তিক ফল প্রণয়নের কাজ সম্পন্ন করা হবে।
এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পরীক্ষার্থী ছিল প্রায় ১৪ লাখ ১৮ হাজার, দাখিলে ৩ লাখ ৩ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে প্রায় ১ লাখ ৩৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত দিনে একযোগে সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
শিক্ষাবিদদের মতে, সময়মতো ফল প্রকাশ উচ্চমাধ্যমিকে ভর্তি কার্যক্রম দ্রুত শুরু করতে সহায়ক হবে এবং দীর্ঘদিনের সেশনজট কমানোর উদ্যোগেও ইতিবাচক ভূমিকা রাখবে। এ কারণেই ফল প্রকাশের পুরো প্রক্রিয়াকে গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
দ.ক.সিআর.২৬