
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও এলাকায় অবস্থিত ‘সীমান্ত ব্রিকস’-এ চলতি মৌসুমে পুরোদমে শুরু হয়েছে ইট তৈরির কার্যক্রম।
এ উপলক্ষে আজ ১১ নভেম্বর (বুধবার) বিকেলে ইটের ভাটায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, চলতি মৌসুমকে সামনে রেখে সীমান্ত ব্রিকস নতুন করে চালু করা হয়েছে। বর্তমানে ভাটায় পুরোদমে চলছে কাঁচা ইট তৈরি ও তা রোদে শুকানোর কাজ। আর মাত্র কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইট পোড়ানোর মূল কার্যক্রম।
সরেজমিনে সীমান্ত ব্রিকস পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভাটাজুড়ে বইছে কর্মব্যস্ততা। অর্ধশতাধিক শ্রমিক অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মাটি তৈরি, ছাঁচে ফেলে ইট প্রস্তুত এবং কাঁচা ইট সারিবদ্ধভাবে সাজিয়ে শুকানোর কাজ করছেন। অন্যদিকে, ইট পোড়ানোর মূল প্রস্তুতি হিসেবে কয়লা মজুদের কাজও চলছে জোরকদমে। বড় বড় ট্রলিতে করে মন কে মন কয়লা এনে ভাটা প্রাঙ্গণে স্তূপ করে রাখা হচ্ছে।
নতুন মৌসুমের শুরুতেই ভাটার সার্বিক সাফল্য, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং ব্যবসায়ের সমৃদ্ধি কামনা করে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে ভাটার মালিকপক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মরত শ্রমিকরা অংশ নেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সীমান্ত ব্রিকস লক্ষ্যমাত্রা অনুযায়ী গুণগত মানসম্পন্ন ইট উৎপাদন করতে সক্ষম হবে।
কালনেত্র