
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় বিজ্ঞ এডিএম কোর্টের আদেশ অনুযায়ী সরকারি খাস খতিয়ানভুক্ত কবরস্থানের সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ ৩ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন
চুনারুঘাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ তৌফিক আনোয়ার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টা থেকে বিকেল ৫.৩০টা পর্যন্ত পানছড়ি এলাকায় বিজ্ঞ এডিএম কোর্টের নির্দেশ মোতাবেক সরকারি খাস খতিয়ানভুক্ত একটি কবরস্থানের সীমানা নির্ধারণ ও চিহ্নিতকরণ কাজ সম্পন্ন করা হয়। এ সময় বিরোধীয় পক্ষসমূহকে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
কবরস্থানের সীমানা চিহ্নিতকরণ কাজ শেষে বিকেল ৫.৩০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা দ্রুত বনের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের আইনগত ব্যবস্থা ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
কালনেত্র