
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইকরা ক্যাডেট কেয়ারের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় চুনারুঘাট রোডে চৌধুরী গ্যারেজের পশ্চিম পাশে নান্দনিক ও মনোরম পরিবেশে নির্মিত নতুন ক্যাম্পাসে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা ক্যাডেট কেয়ারের সভাপতি মোহাম্মদ শোয়াইব হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সিটি ইউনিভার্সিটির উপ-পরিচালক ড. সালাহ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, ৫ নম্বর শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম রাব্বানী, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইসমাইল হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডভোকেট আজিজুর রহমান রুবেল, ইকরা ক্যাডেট কেয়ারের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন কাজী আব্দুল বাছিত ও মাস্টার হাবিবুর রহমান। এ ছাড়া শিক্ষক হিসেবে বক্তব্য দেন ফেরদৌসী আক্তার, মো. আব্দুল মোতালিব ও আফিদা চৌধুরী।
প্রধান আলোচক ড. সালাহ উদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে দক্ষ, পরিশ্রমী ও সৃজনশীল শিক্ষক নিয়োগের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের পর্যাপ্ত সুযোগ রাখতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিতি, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও আচরণের বিষয়ে শিক্ষকদের বিশেষ নজর দিতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং শাসনের ক্ষেত্রে ধমকের পরিবর্তে ভালোবাসা ও বিনয়ের মাধ্যমে তাদের গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি ও প্রতিষ্ঠা লাভ করতে পারে না। ইকরা ক্যাডেট কেয়ারের মূল লক্ষ্য হওয়া উচিত মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। পবিত্র কোরআনের প্রথম নির্দেশনা পড়ো’ উল্লেখ করে তিনি বলেন, সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ববোধ ও নৈতিকতাকে ধারণ করে শিক্ষা অর্জন করতে হবে। উচ্চশিক্ষিত হয়েও অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েন; এর অন্যতম কারণ নৈতিক ও আদর্শিক শিক্ষার অভাব।
তিনি আরও বলেন, শিশুদের মেধা ও মনন বিকাশের ভিত্তি তৈরি হয় প্রাথমিক পর্যায়ে। তাই শুরু থেকেই শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও মিশন। শিক্ষার্থীদের উদারতা, বিনয় ও মানবিক মূল্যবোধ শেখানোর পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকে শিশুদের দূরে রাখার পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি বিনয়ী ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, আধুনিক ও আদর্শিক শিক্ষার সমন্বয়ে ইকরা ক্যাডেট কেয়ার শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা সবার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি পরিবেশন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারিয়াম রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী মোজাম্মেল হক সিয়াম। নৃত্য পরিবেশন করে প্রথম শ্রেণির শিক্ষার্থী জারা মনি।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান আনিস ও আবিদ হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উল্লেখ্য, আধুনিক ও আদর্শিক শিক্ষার সমন্বয়ে ২০২৫ সালে যাত্রা শুরু করে ইকরা ক্যাডেট কেয়ার। নতুন ক্যাম্পাস উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে প্রতিষ্ঠানটি আগামী দিনে শায়েস্তাগঞ্জসহ আশপাশের এলাকার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে-এমন প্রত্যাশা ও শুভকামনা জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অভিভাবকরা।