
কারাবিধি ১ম খণ্ডের ৫৬৯ নম্বর বিধি অনুযায়ী এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক অবশিষ্ট সাজা মওকুফ ও জরিমানা পরিশোধের পর প্রায় ২৪ বছর কারাবাস শেষে হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি মোঃ কয়েস আহমেদ (৪৭)। মুক্তিপ্রাপ্ত কয়েস আহমেদ কয়েদি নম্বর-৭২৫৯/এ।
তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার তেরাপুর গ্রামের বাসিন্দা সজিব আলীর পুত্র। মঙ্গলবার (৬ অক্টোবর) প্রয়োজনীয় কারা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কারাগার সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ২৪ বছর কারাভোগের পর সরকারের বিশেষ ক্ষমায় তার অবশিষ্ট সাজা মওকুফ করা হয়। একই সঙ্গে জরিমানা পরিশোধের প্রক্রিয়াও সম্পন্ন হওয়ায় তিনি কারামুক্তির সুযোগ পান।
দীর্ঘ কারাবাসের পর মুক্ত জীবনে ফিরে কয়েস আহমেদ এখন নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পেলেন। কারাগারে থাকা অবস্থায় সংশোধন ও আত্মউন্নয়নের মধ্য দিয়ে নিজেকে পরিবর্তন করে একজন সংশোধিত মানুষ হিসেবে সমাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
প্রায় দুই যুগ পর কারাগারের চার দেয়ালের বাইরে এসে তার জীবনে শুরু হলো নতুন এক অধ্যায়। পরিবার, স্বজন ও সমাজের সঙ্গে নতুন করে পথচলার পাশাপাশি স্বাভাবিক ও সৎ জীবনযাপনের প্রত্যাশা করছেন তিনি।
কারা কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা জানান, কারাগারের মূল উদ্দেশ্য শুধু শাস্তি প্রদান নয়, বন্দিদের সংশোধনের মাধ্যমে সমাজে পুনর্বাসনের উপযোগী করে তোলা। দীর্ঘ কারাবাস শেষে কয়েস আহমেদের মুক্তি সেই সংশোধন ও পুনর্বাসন প্রক্রিয়ারই একটি দৃষ্টান্ত।
দ.ক.২৬