
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ আইন-শৃঙ্খলা রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌফিক আনোয়ার, থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা কমিটির আহবায়ক- দেবাশীষ দাস শিবু, সদস্যসচিব- বিটন কান্তি বৈদ্য, পৌর আহবায়ক- প্রজেশ কর ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা কমিটির আহবায়ক- কার্তিক কুমার দাস, সদস্য সচিব- পংকজ দাস, পৌর আহবায়ক- সত্যজিত রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক প্রমুখ।
থানার ওসি সাইফুল ইসলাম জানান, উপজেলায় ১০টি ইউনিয়নের ও একটি পৌরসভায় ৮৩টি পূজা মণ্ডপের পূজা শেষ না হওয়া পর্যন্ত পুলিশের টহল ও নজরদারি থাকবে। কেউ বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই সবার সমান অধিকার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তি পূর্ণ পরিবেশে উদযাপন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
দ.ক.২৬