
আমিত্ব
মোঃ রোকনুজ্জামান শরীফ
আমার আমিত্বে আমি ক্ষণিকের অতিথি,
আমার আমিত্বে নেই কোনো মহিমা-গীতি।
বোকা যে আমি, তবু গাই কত শত গান,
‘আমি’ বলে গড়ি আমি নিজেরই সম্মান।
আমি যে সত্তা—তাহা মিথ্যা জানে (আল্লাহ) মহাজন,
তবু আমিত্ব আঁকড়ে ধরে ব্যস্ত সারাক্ষণ।
নেশার ঘোরে গড়ি আসন, সাজাই রাজসিংহাসন,
ক্ষণিক জীবনে ভুলে যাই মৃত্যুরই আহ্বান।
আমার ‘আমি’—সে তো শুধু অস্তিত্বের আশা,
নিজেকে খোঁজার পথে কত মিথ্যার ভাষা।
যে ‘আমি’ নিয়ে অহংকার, সে-ই তো ক্ষণস্থায়ী,
আজ যে আমি রাজাধিরাজ, কাল সে ধূলির ছায়ী।
আমিত্ব আমার মায়ার বাঁধন, মায়ারই কারাগার,
‘আমি’ বলে যত গর্ব করি—সবই ক্ষণিক ভার।
শেষ বিচারে কে বা আমি, কোথায় আমার ঠাঁই?
যে এসেছিল শূন্য হাতে, শূন্য হাতেই যাই।
তবু মানুষ ‘আমি’ বলে আপনাকে চেনে,
মায়ার ঘোরে নিজের ছবি আঁকে আপন মনে।
জন্ম-মৃত্যুর মাঝখানে এই ক্ষণিক অভিনয়,
‘আমি’ নামের এই অহংকার—নিছকই পরাজয়।
আমি নেই—আছে কেবল তাঁরই (আল্লাহ) বিধান,
আমি ক্ষণিক, তিনি (আল্লাহ) চিরন্তন—এই সত্য মহাজ্ঞান।
আমিত্বের সব আবরণ একদিন যাবে খুলে,
‘আমি’ তখন হারিয়ে যাব মহাকালের কূলে।
রাজ সিংহাসন, উজির-নাজির কুর্নিশ করে ক্ষণে,
সময় ফুরালে থাকে না আর কেউ কোনো জনে।
কত রাজা গত হলো, রাজ্য রইল পরে,
সোনা-দানা, রাজ্য-ক্ষমতা—রাখে না কেউ ধরে।
আজ যে রাজা সিংহাসনে, কাল সে মাটির ঘরে,
ক্ষমতার সেই অহংকারও সময় গেলে ঝরে।
মুকুট, মসনদ, রাজদণ্ড—সবই মিছে মায়া,
সময়ের কাছে হার মানে সব, যতই থাকুক ছায়া।
একদিন এমন সময় আসবে, ফিরতে হবে নীড়ে,
থাকতে পারবে না এই দেহখানি আপন ঘরের তীরে।
যে পথে রাজা, প্রজা সবাই একদিন যাবে চলে,
সেই সত্যটুকু মনে রেখো—জীবন ক্ষণিক দোলে।
জন্ম নিয়ে কেউ চিরদিন পৃথিবীতে থাকে না,
মৃত্যুর ডাক কোনো প্রাণী ফিরিয়ে দিতে পারে না।
যতই থাকুক ধন-দৌলত, যতই থাকুক মান,
শেষ প্রহরে সঙ্গে থাকে না কোনো রাজ্য-সিংহাসন।
ক্ষমতা কারো চিরদিনের নয়, নয় রাজ্য-ধন,
শেষ বিচারে সঙ্গে যাবে শুধু কর্ম আর মন।
তাই মসনদে বসে কেন এত অহংকার করি?
ক্ষণিক জীবনে ভালো কাজই হোক আমাদের তরী।
‘আমি’ নয়, মানবতার হোক জীবনের গান,
ক্ষমতার নয়—কর্মেই হোক মানুষের সম্মান।
মুকুট যদি পরতেই হয়, পরো মানবতার,
সিংহাসন যদি গড়তেই হয়, গড়ো হৃদয়-মাঝার।
আজ আছি, কাল থাকব না—এই তো জীবনের রীতি,
ক্ষণিক এই পথচলায় হোক ভালোবাসার প্রীতি।
আমিত্বের সব মায়া একদিন যাবে ঝরে,
মানুষ বেঁচে থাকে শুধু তার কর্মেরই তরে।
আমি ক্ষণিক, আমার ‘আমি’ ক্ষণিকেরই খেলা,
সময়ের স্রোতে ভেসে যায় জীবনের এই মেলা।
যা কিছু আমার বলে আজ আঁকড়ে ধরি প্রাণে,
কাল তা রয়ে যাবে শুধু অন্য কারও টানে।
তাই অহংকার নয়, হৃদয়ে জাগুক জ্ঞান,
ক্ষমতার নয়, সত্যের হোক জীবনের সম্মান।
একদিন সব আমিত্ব যাবে মহাকালের কূলে,
মুকুট-মসনদ-অহংকার পড়ে থাকবে ধুলে।
যে এসেছিল শূন্য হাতে, শূন্য হাতেই যাই—
কর্ম রেখে যাও শুধু—এই সত্য ভুলো নাই।
শরীফ’স হাউস, মঠবাড়িয়া