
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উদীয়মান তরুণ সাংবাদিক, সামাজিক কর্মী ও তরুণ নেতৃত্ব আল-আমীন সাঈফী আঞ্চলিক ও জাতীয় পরিমণ্ডলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রকাশনা ‘দৈনিক কালনেত্র’ পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে শায়েস্তাগঞ্জসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রকাশিত সংবর্ধনা ও শুভেচ্ছা বার্তায় জানানো হয়, সৃজনশীলতা, পেশাগত সততা, সামাজিক দায়বদ্ধতা এবং নীতি-নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশনায় তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। দৈনিক কালনেত্র পরিবারের পক্ষ থেকেও তাঁকে পুনরায় সহযোগী সম্পাদক পদে আসীন করার মাধ্যমে তাঁর এই কর্মদক্ষতা ও একনিষ্ঠতার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
এদিকে, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সভাপতি আল-আমীন সাঈফীর এই অর্জনে গভীর অভিনন্দন ও শুভেচ্ছা প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর সততা, সৃজনশীলতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ‘দৈনিক কালনেত্র’ পরিবার সাংবাদিকতার জগতে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ হয়ে এগিয়ে যাবে।
উল্লেখ্য, আল-আমীন সাঈফী একজন হাফেজে কোরআন ও শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামিল পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জনকারী মেধাবী মুখ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের নানা জনদুর্ভোগ, শিক্ষা, মাদকবিরোধী অভিযান, দুর্যোগকালীন সহায়তা এবং প্রশাসনিক খবর সাহসিকতার সাথে সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরে আসছেন। একই সাথে তিনি তরুণদের মেধা বিকাশ, বিজ্ঞানচর্চা ও সামাজিক সম্প্রীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
পুনরায় দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আল-আমীন সাঈফী জানান, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সাংবাদিকতার যে মূলনীতি, তা সর্বদা বজায় রেখে তিনি কাজ করে যেতে চান। তিনি শায়েস্তাগঞ্জের তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সমাজসেবামূলক কাজে যুক্ত রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তাঁর এই পুনর্নির্বাচনে শায়েস্তাগঞ্জের বিভিন্ন সংবাদকর্মী, সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ ধারাবাহিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।