শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বাহুবলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

নাজমুল ইসলাম হৃদয়ঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে শামীম মিয়া (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৭ জুন) সকাল প্রায় ১১টার দিকে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শামীম মিয়া যাদবপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহতের চাচা ছুরুক মিয়া ঘরের বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শামীমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে বিষয়টি পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রকে অবহিত করেন। খবর পেয়ে তদন্ত কেন্দ্রের এসআই রতন লাল দেব ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমের স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিমান ও মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews