
হবিগঞ্জের বানিয়াচংয়ে আবারও এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ছাত্রের নাম আজহারুল ইসলাম জিহাদ (১৩)।
সে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতু কর্ণপাড়া বুড়ানিয়া হাটির বাসিন্দা মো. দুলাল মিয়ার ছেলে। জিহাদ স্থানীয় হাসপাতাল সংলগ্ন রাজআলী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা দেখতে যায় জিহাদ। খেলা শেষে সে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
জিহাদের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। আত্মীয়-স্বজনসহ স্থানীয় বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজ চালানো হচ্ছে।
নিখোঁজ জিহাদের পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত খুঁজে বের করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। তবে মাদ্রাসা ছাত্র জিহাদ নিখোঁজের ঘটনায় এখনো থানায় কোনো জিডি করা হয়নি বলে জানা গেছে।
দ.ক.২৬