
১১ দিনেও নীড়ে ফেরেনি নিখোঁজ শিক্ষার্থী ফাবিয়া তাবাসসুম মীম (১০)। গত ১৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয় মীম। পরিবারের দাবি হচ্ছে ব্যাগ নিয়ে প্রতিষ্ঠানে যাওয়ার পর আর ফেরেনি সে। পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ৮৪৬।
ফাবিয়া তাবাসসুম মীম উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়ার ফোয়াজ আলীর কনিষ্ঠ মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় দারুল হিকমাহ মাদ্রাসা থেকে ফাবিয়া তাবাসসুম মীম নিখোঁজ হয়। মাদ্রাসা ছুটির পর ক্লাসমেটরা বাড়ি ফিরলেও ফেরেনি মীম। আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। ১১দিনেও মীমের সন্ধান পাওয়া যায়নি।
এতে স্বজনদের মধ্যে উদ্বিগ্নতা আরও বাড়ছে। ২ভাই ও ২ বোনের মধ্যে মীম সবার কনিষ্ঠ।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, মীম এর সন্ধান পেতে সব জায়গায় মেসেজ দেওয়া হয়েছে এবং প্রশাসনিকভাবে কাজ চলছে।
দ.ক..২৬