
হবিগঞ্জের বাহুবল উপজেলার খুজারগাঁও গ্রামে আব্দুল্লাহ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নয়টি পরিবারের বসতঘর ভাঙচুর, লুটপাট, ফসলি জমির ধান কেটে নেওয়া, পুকুরে বিষ প্রয়োগসহ ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পাশাপাশি নিরপরাধ কয়েকটি পরিবারের ওপরও হামলা ও লুটপাট চালানো হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, আমির আলী গংয়ের নেতৃত্বে একদল লোক এসব ঘটনা ঘটিয়েছে। তাদের অভিযোগ, নয়টি পরিবারের প্রায় ২০ একর ফসলি জমির ইরি ধান কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ চুরি এবং বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে।
এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, হামলা ও হুমকির আশঙ্কায় নারী, শিশু ও বৃদ্ধসহ অর্ধশতাধিক মানুষ বর্তমানে গ্রামছাড়া। তাদের অভিযোগ, হত্যা, শ্লীলতাহানি ও অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। অপহরণের আশঙ্কায় ভুক্তভোগী পরিবারের শিক্ষার্থীদের একটি অংশও স্কুলে যেতে পারছে না বলে জানান তারা।
এ ঘটনায় আজিজুননেছা (৩০), স্বামী আব্দুল হক, বাদী হয়ে মো. আমির আলী (৫০), পিতা মৃত ছুরত আলীকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন। আদালতের আদেশের পর মামলাটি বাহুবল থানায় এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয় বলে জানা গেছে। বাহুবল থানার ওসি রুহুল আমিন তালুকদার মামলাটি রুজু করেন।
মামলার এজাহারে নাম থাকা ২০ আসামিগণ হলেন, আমির আলী, সিরাজ মিয়া, আছকির মিয়া, আব্দুর রেজাক, আঃ রউফ ওরফে শাওন, আলমগীর মিয়া, নাসির মিয়া, জাহাঙ্গীর মিয়া, আফছর মিয়া, মর্তুজ আলী, দুলাল মিয়া, মোতাব্বির মিয়া, সুমন মিয়া, কালাম মিয়া, সোহান মিয়া, তাহির আলী, কামরুল ইসলাম সাকিব ওরফে শাকির, আবুল মিয়া, সোবায়েল আহমেদ, মোজাম্মিল মিয়া ও অজ্ঞাত ১০/১২ জন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। এ সময় আদালত আব্দুর রউফ ওরফে শাওন, আছকির মিয়া, মর্তুজ আলী, মোতাব্বির মিয়া ও সুমন মিয়াসহ পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর পর তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও নিরাপত্তাহীনতা কাটেনি। তাদের অভিযোগ, মামলার প্রধান আসামিসহ কয়েকজন জামিনে বের হয়ে পুনরায় হুমকি দিচ্ছেন এবং হামলার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই আব্দুল কাদির বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, ওই মামলায় পূর্বশত্রুতার জের ধরে কয়েকজন নিরপরাধ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, হত্যা মামলার ১ নম্বর আসামি হোসেন আলী, ৩ নম্বর আসামি সাহিদ মিয়া, ৬ নম্বর আসামি আব্দুল মালেক, ৭ ও ৮ নম্বর আসামি রুহুল আমিন ও আল আমিন এবং ১১ ও ১২ নম্বর আসামি নুরুল ইসলাম ও ফয়সল মিয়া হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে এসব ব্যক্তির সম্পৃক্ততারও কোনো প্রমাণ তারা দেখতে পাননি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাহুবল উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। তাদের দাবি, আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের যথাযথ তদন্তের পর মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।
একই সঙ্গে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, ফসল নষ্ট, মাছ ও গাছ চুরির ঘটনায় জড়িতদেরও তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি গ্রামছাড়া পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ নিজ বাড়িতে নির্বিঘ্নে ফেরার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
দ.ক.সিআর.২৬