
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। বর্তমানে তিনি বানিয়াচং মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাগহাতা গ্রামে বাদীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে একদল ব্যক্তি পরিকল্পিতভাবে পুরুষশূন্য অবস্থায় তাদের বাড়িতে হামলা চালায়। হামলার সময় মিনারা আক্তার (স্বামী: আবু সাঈদ) নামের এক নারী গুরুতর আহত হন। পরিবারের দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ৫০ শষ্যা বিশিষ্ট আধুনিক সদর হসপিটালে ভর্তি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আহতের স্বজনদের ভাষ্যমতে, এর আগেও কয়েকবার মিনারা আক্তারকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে তারা অভিযোগ করে আসছেন। তবে তার নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
আহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে তারা আহত নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
দ.ক/টিআই