
চুনারুঘাটের সাতছড়ি এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহা-সড়কে দুর্ঘটনায় দুলাল ভুষম দেব (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
(১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতছড়িতে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল ভুষন দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি স্থানীয় মনতলা বাজারের একজন বড় ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনা কবলিত সিএনজির যাত্রী মোস্তাক বলেন, সকালে দুলাল দেব সহ তিনি মনতলা বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পথে মহাসড়কের চাকলপুঞ্জি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের এসআই নারায়ন দেব ২ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দ.ক.২৬