
আসাদ ঠাকুর: হবিগঞ্জের চুনারুঘাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপন শুরু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩:০০টায় চুনারুঘাটের শ্রী শ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
চুনারুঘাট উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী বাসুদেব মন্দিরের আয়োজনে শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে ভক্তবৃন্দ অংশ নেন।
বর্ণিল শোভাযাত্রায় কৃষ্ণ, রাধারানী, কংস,বসুদেব, দেবকী ও বলরামের সাজে অংশ নেয়া পরিবেশনা উপস্থিত ভক্তদের নজর কাড়ে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক ভক্তের সমাগম ঘটে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার আহবায়ক দেবাশীষ দাস শিবু বলেন, ❝পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ঠাকুরের নিকট একটাই প্রার্থনা উনি যেন আমাদের সকলের মন থেকে অহংকার, বিদ্বেষ, লোভ তথা মনের সকল অপশক্তির গ্লানি মুছে দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিতে আবদ্ধ রাখেন।❞
জন্মাষ্টমী উপলক্ষে চুনারুঘাটে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গল শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দ.ক/২৬