
অঞ্জলি, আরতি, সিঁদুর খেলা আর জলভেজা চোখে দেবী দুর্গাকে বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বুধবার শুভ বিজয়া দশমীতে সারা দেশের নির্ধারিত ঘাটগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে।
বিদায়ের আনুষ্ঠানিকতা ও সিঁদুর খেলা: আজ সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে বিজয়া দশমীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মণ্ডপে মণ্ডপে নেমে আসে বিদায়ের সুর। দুপুরের পর থেকে সনাতনী নারীরা মেতে ওঠেন ঐতিহ্যবাহী ‘সিঁদুর খেলায়’। দেবীর চরণে সিঁদুর ছুঁইয়ে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি তাঁরা স্বামী ও পরিবারের মঙ্গল কামনা করেন। এবার শাস্ত্রীয় রীতি অনুযায়ী দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটেছিল ঘোটকে (ঘোড়া) এবং তিনি কৈলাসে ফিরে গেলেন নৌকায় চড়ে।
তবে প্রতিমা বিসর্জনের মূল আকর্ষণ ছিল বিজয়া শোভাযাত্রা। দুপুরের পর থেকে বাদ্যি-বাজনা আর ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয় মন্ডপগুলো। সেখান থেকে ঘাটের উদ্দেশ্যে শোভাযাত্রা শুরু হয়। ঘাটের জলে একের পর এক প্রতিমা বিসর্জনের সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মনের সব অশুভ প্রবৃত্তি, হিংসা ও লালসা বিসর্জন দিয়ে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা করাই বিজয়া দশমীর মূল তাৎপর্য। বিদায়ের এই বিষাদের মাঝেও ভক্তদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে—”আসছে বছর আবার হবে”।
দ.ক.২৬