
সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণকেন্দ্রের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ড্রোনের ব্যবহারিক প্রদর্শনী উপভোগ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের দুর্গম এবং জনবল দিয়ে নজরদারি করা কঠিন এলাকাগুলোতে থার্মাল ও নাইট মিশন সক্ষম ড্রোন ব্যবহার করা হবে। এসব ড্রোনের মাধ্যমে সীমান্তের অপর প্রান্তের গতিবিধি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিকায়ন করা হচ্ছে। এর মাধ্যমে চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচার মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা হবে।
ড্রোন প্রযুক্তি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে দেশে ড্রোন তৈরি ও সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ একসময় প্রতিরক্ষা শিল্পে রূপ নিতে পারে বলেও জানান তিনি।
মব সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। ইতোমধ্যে অনেকাংশে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ড্রোন প্রযুক্তি শুধু সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রেই নয়, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণকেন্দ্রে প্রদর্শিত আধুনিক ড্রোন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের উন্নত ড্রোন প্রযুক্তি ধীরে ধীরে এখানে সংযোজন করা হবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে আরও উন্নত সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে।
এদিকে, দিনব্যাপী সফরের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এর আগে মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর।
দ.ক.২৬