1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিক্ষা সফরের জন্য বইমেলা হতে পারে যথার্থ ভেনু

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

আসাদ ঠাকুর, অমনিবাস: বাস্তবে বেশির ভাগ ক্ষেত্রে পিকনিকের মতো খাওয়া দাওয়া ও বাস ভ্রমণের মাধ্যমেই শিক্ষা সফর শেষ করা হয়। মনে রাখতে হবে, বনভোজন, ভ্রমণ ও শিক্ষা সফরের মধ্যে অনেক তফাৎ রয়েছে।

শিক্ষাসফর নামে স্কুলের তহবিল খরচ কিংবা প্রশিক্ষণ কেন্দ্রের বাজেটের খরচ যেন যথাবিহিত হয়েছে- এমনটা ভেবে সন্তুষ্টি লাভই যেন উদ্দেশ্য হয়। অন্যথায় শিক্ষা সফরে গিয়ে ঐতিহাসিক বা শৈল্পিক বা নতুন কোনো উদ্ভাবনী ঘটনা, স্থান ও বিষয়ের সাথে পরিচিত হওয়াই আবশ্যিক ছিল। তা অনেক সময় হয়ে উঠে না।

আচ্ছা, শিক্ষাসফর যদি কোনো বইমেলাতে করা হয়, তখন কেমন হবে? বিশেষ করে তা যদি অমর একুশে বইমেলাতে হয়? এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন স্থান, নতুন পরিবেশের সাথে নতুন নতুন বইয়ের দেখা পাবে। দেখতে পারবে লাখ লাখ বইয়ের গোছানো পরিবেশনা। বিদ্যমান ক্লাসিক যেমন দেখতে পারবে, একেবারে হালের নতুন বইও। তাছাড়া শিল্প সাহিত্যের সকল ধরণের বইয়ের সন্ধান পাবে। একসাথে অনেক বেশি জ্ঞানের সোর্স পাবে। তা ছাড়া প্রখ্যাত ও জাতীয় পর্যায়ের প্রিয়সব লেখকদের সাথে সাক্ষাতের সুযোগ পাবে। অনুরূপভাবে কবি, লেখক, গবেষক, সমালোচক, প্রবন্ধকার, গদ্যকার, কথাসাহিত্যিক ও ঔপন্যাসিকদের সাথে পরিচিত হওয়া, অটোগ্রাফ নেওয়া ও কথা বলার আনন্দ ও দুর্লভ অভিজ্ঞতা হবে।

বইমেলায় শিশুদের বই আছে, আবার কিশোর, যুবক ও প্রবীণদের জন্যও বই আছে। রূপকথার গল্প যেমন আছে, তেমনি ভূতের গল্পও আছে, কার্টুনের বই আছে, আবার সিরিয়াস বইও আছে। কী নেই বইমেলায়।

বইমেলায় সময় কাটিয়ে ফিরে তার মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হবেই। যদি বাচ্চারা বই কিনে তবে উত্তম, যদি নাও কিনে তবু হাজারও বইয়ের সাথে পরিচিত হতে পারার অবারিত সুযোগ পাবে। এর মাধ্যমে বই পড়ার প্রতি প্রীতি জন্মাবে।

স্কুল, কলেজ ইউনিভার্সিটিগুলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে বইমেলায় শিক্ষা সফরের আয়োজন করতে পারে। প্রতিষ্ঠানের ছাত্রপ্রতিনিধি বইমেলাতে শিক্ষা সফরের আয়োজন করতে পারে। বিশেষ করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বই পড়া ক্লাব, সাহিত্য ক্লাব, ডিবেটক্লাব এ শিক্ষা সফরের উদ্যোগ নিতে পারে। আবার দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও বইমেলায় শিক্ষা সফরে যেতে পারে যেখানে পাড়া মহল্লার বিভিন্ন বয়সী বই প্রেমিকরা অংশ নিতে পারে। যেসব গ্রামে গ্রন্থাগার রয়েছে সেসব গ্রন্থাগারের পক্ষ থেকেও শিক্ষা সফর হতে পারে যেখানে অমর একুশে বইমেলা হতে পারে যথার্থ ভেনু।

বইমেলায় শিক্ষাসফর একটি উত্তম বিকল্প। এটা কেবল শিক্ষামূলকই না, এটা উৎসাহব্যঞ্জক, আনন্দদায়ক ও সমৃদ্ধ একটি সফর হতে পারে। সৃষ্টিশীল ও জীবনমুখী শিক্ষা দিতে বইমেলায় শিক্ষাসফর হতে পারে একটি কার্যকর পন্থা। যারা বইবিমূখ ও পড়তে অনাগ্রহী তাদের মধ্যেও বই পড়ার আগ্রহী চিত্ত তৈরি করবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট