
কালনেত্র প্রতিনিধি: শিক্ষাসফরে নতুন স্থান, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, উদ্ভাবন বিষয়ে ধারণা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় শিক্ষার্থীদের। এর মাধ্যমে পরিচিত হওয়া যায় দেশ, জাতি, গোষ্ঠীর জীবনযাত্রার সাথে। বাস্তব ঘটনা দেখা ও বোঝার জন্য শিক্ষা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চুনারুঘাটের পদক্ষেপ গণপাঠাগার ঈদকে কেন্দ্র করে আনন্দ, সম্প্রীতি ও শিক্ষামূলক ভ্রমন আড্ডায় চিন্তার পরিপ্রেক্ষিতকে বৃহত্তর পরিসরে পরিচিত হওয়ার আবশ্যিকতায় বাহুবল উপজেলার খাসিয়া পুঞ্জিতে আয়োজন করে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর। এতে শিক্ষার্থী, অভিভাবক এবং গণপাঠাগারের সদস্যরা অংশগ্রহণ করেন।
গতকাল সোমবার (২৩ মার্চ) সকালের এই কর্মসূচিতে ছিলো খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি, পারস্পারিক শুভেচ্ছা বিনিময় এবং খাসিয়াদের জীবন, জীবিকা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে শিক্ষার্থী ও পাঠাগারের দায়িত্বশীলগণ সাক্ষাৎ করেন খাসিয়া সম্প্রদায়ের মন্ত্রী উটিয়ান তং পেয়ার এর সাথে। খাসিয়া মন্ত্রীকে পাঠাগারের “আলোর পদক্ষেপ” ম্যাগাজিন উপহার দেন সভাপতি মোস্তফা মোরশেদ।
এছাড়াও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা- মোরগের লড়াই, চেয়ার সিটিং, রশিটানসহ ঝুড়িতে বল নিক্ষেপ খেলায় বয়স্ক ও শিশু-কিশোর’রা অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাঠাগারের সভাপতি ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব মোস্তফা মোরশেদ।
পদক্ষেপ গণপাঠাগার ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দ.ক.সিআর.২৬