
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গনে ৫২ তম বার্ষিক উৎসব ৩২ প্রহর ব্যাপী (৪দিন) হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোর ৬টায় কীর্তনসহ মন্দির প্রদক্ষিণ, নগর পরিক্রমা ও হরিলুটের মাধ্যমে এ উৎসব সমাপন হয়।
বাসুদেব মন্দিরের উৎসব উদযাপন কমিটি জানিয়েছে, গত ২৪ জানুয়ারি শনিবার হতে ২৬ জানুয়ারি সোমবার পর্যন্ত প্রতিদিন ছিল ভোরে মঙ্গলারতি, সকালে নাম সংকীর্তন, বাসুদেব অর্চনা, দুপুরে ভোগরাগ ও ভোগারতি, সন্ধ্যায় সন্ধ্যারতিসহ অনুষ্টানাদির মধ্যে ছিল – স্বাধ্যায়যজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠ,আলোচনা শ্রীমন্ মহাপ্রভু, ধর্মসভা, ধর্মীয় নৃত্যানুষ্ঠান, পদকীর্তন, লীলা কীর্তন। ২৬ জানুয়ারি সোমবার ৩২ প্রহর ব্যাপী নাম সংকীর্তনের শুভাধিবাস। ২৭ জানুয়ারি মঙ্গলবার ব্রাহ্মমুহূর্ত হতে নাম সংকীর্তন আরম্ভ হয়ে ৩০ জানুয়ারি শুক্রবার পর্যন্ত চলে।
শনিবার সকালে এ উৎসব আয়োজন সমাপন হয়। এ উৎসব অঙ্গনে বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দের সমাগম ঘটেছে এবং আনন্দঘন পরিবেশে ২০২৬ সালের আয়োজন সমাপন হয়েছে।
দ.ক.সিআর.২৬