লাখাইয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে টাকা চুরি
জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা সড়ক বাজারে একটি সার-বীজের দোকান থেকে অভিনব কায়দায় প্রায় ২৫ হাজার টাকা চুরি হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেসার্স এম এ ট্রেডার্স-এর দোকানে এই ঘটনা ঘটে। ঘটনার সময় দোকানের মালিক দোকানের ভেতরে কাজ করছিলেন।
জানা যায়, দোকানের মালিক মোঃ আলমগীর হোসেন যখন ব্যস্ত ছিলেন, তখন এক অপরিচিত ব্যক্তি দোকানের ক্যাশ কাউন্টারে আসে। সে ক্যাশের উপর রাখা চাবি দিয়ে নিজ হাতে তালা খুলে ক্যাশবাক্স থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা চুরি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
চুরির বিষয়টি টের পেয়ে মোঃ আলমগীর হোসেন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে দেখা যায়, লোকটি খুব সাবলীলভাবে চাবি ব্যবহার করে চুরিটি সম্পন্ন করে। তবে এখন পর্যন্ত চোরকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন ঘোষণা করেছেন, যদি কেউ এই চোরকে শনাক্ত করতে পারেন, তবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, লাখাই উপজেলায় সম্প্রতি চুরি, ছিনতাই ও চুরির ঘটনা বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রামে চুরির ঘটনা ঘটছে। অনেকেই চুরির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা ও লাখাইবাসী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দ.ক.সিআর.২৫